২৮-৩১ জানুয়ারি, চার দিনের জমজমাট আয়োজনে শেষ হলো ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপো ২০২৬। এক্সপোতে হয়ে গেলো দেশের সবচেয়ে বড় ই-স্পোর্টস প্রতিযোগিতা। ‘বিসিএস ই-চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট’ নামে মেলার হল অব ফেমে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম। গত ৩০ জানুয়ারি রাতে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন প্রদর্শনী প্রাঙ্গনে আয়োজিত ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে শিরোপাসহ মোট চার লাখ টাকার পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ‘ফিফা’ বিভাগে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়েছেন সিফাত আহমেদ ও ইরফান ওয়াসিত খান। ‘ভ্যালোরেন্ট’ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ‘অল স্টার’ এবং রানার্সআপ ‘রিউসেই ট্রাইডেন্টস’ দল। ‘ই-ফুটবল’ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে তানভীর শাহরিয়ার এবং রানার্সআপ হয়েছেন ইয়াসির পূর্ণ। ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপের অনলাইন পর্বে এক হাজারের বেশি প্রতিযোগী অংশ নিলেও প্রাথমিকভাবে বিজয়ী গেমাররা সরাসরি মূল পর্বে অংশ নেন।
ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপ আয়োজনের বিষয়ে গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, ‘আমাদের এ আয়োজনের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে দেশের তরুণ প্রজন্ম। যারা ই-স্পোর্টস ভালোবাসেন, তাদের একটি সঠিক প্ল্যাটফর্ম দিতেই এ উদ্যোগ। গেমারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দর্শকদের ভিড় প্রমাণ করে বাংলাদেশে ই-স্পোর্টসের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।’ই-স্পোর্টস প্রতিযোগিতার সিলভার স্পন্সর ছিলো গিগাবাইট, এসার, নেটিস, টিপি-লিংক ও ইউসিসি।