গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা খেলার মাঠে ৩ হাজার শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান অলিম্পিয়াড। প্রথমবারের মতো এমন আয়োজনে উচ্ছ্ব¡সিত শিক্ষার্থী, অবিভাবক ও এলাকাবাসী। গত শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় শুরু হওয়া ঘণ্টাব্যাপী পরীক্ষাটি শেষ হয় বিকেল সাড়ে ৪টার দিকে। পরীক্ষা চলাকালীন অভিভাবকরা মাঠের বাহিরে অবস্থান নেন। পরীক্ষার দায়িত্বে থাকেন বিভিন্ন স্কুল কলেজের অর্ধশতাধিক শিক্ষক।
অলিম্পিয়াড অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্যরা জানান, গাজীপুর জেলা ও কালিয়াকৈর উপজেলার ৯৬টি স্কুলের বাছাই করা প্রায় ৩ হাজার শিক্ষার্থীরা এ অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশ নেন। অলিম্পিয়াডে অংশগ্রহণে সুযোগ পায় ৮ম, ৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা। পরীক্ষা শেষে বিজয়ী ১০ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যাপক এস.এম. খালিদ হোসেন হোসেনের সভাপতিত্বে অলিম্পিয়াড অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. এইচ. এম. ফখরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন সরকারি সা’দত কলেজের অধ্যাপক শাহজাহান আলী, কালিয়াকৈর সরকারি কলেজে উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইফতেখারুল ইসলাম, বিজ্ঞান অলিম্পিয়াডের আহ্বায়ক সারোয়ার হোসেন আকুল প্রমুখ।