image

দেশে প্রথম এমভিএনও ট্রিপল প্লে সেবা চালু

সংবাদ অনলাইন রিপোর্ট

দেশে প্রথমবারের মতো মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটরের (এমভিএনও) মাধ্যমে আনলিমিটেড ট্রিপল প্লে সেবা চালু করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর রমনায় সংস্থার অফিসে এ সেবার পাইলট কার্যক্রম উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

উদ্বোধনী অনুষ্ঠানে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, দেশের ডিজিটাল জীবনকে সহজ, সাশ্রয়ী ও সমন্বিত করার লক্ষ্যে আমরা বিটিসিএল এমভিএনও সিম ও ট্রিপল প্লে সেবার পাইলট উদ্বোধন করছি। এটি কনভার্জড ডিজিটাল উদ্যোগ, যেখানে ভয়েস, ডেটা ও এন্টারটেইনমেন্ট এক প্ল্যাটফর্মে আনা হয়েছে। তিনি বলেন, বিটিসিএল দেশের অন্যতম প্রতিষ্ঠান, যার রয়েছে প্রায় সব ধরনের টেলিযোগাযোগ লাইসেন্স ও দেশব্যাপী ফাইবার নেটওয়ার্ক। এই সক্ষমতাকে কাজে লাগিয়ে বিটিসিএলকে নতুনভাবে রি-ব্র্যান্ড করে একটি আধুনিক ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্মে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, ট্রিপল প্লে ধারণার মূল লক্ষ্য হলো, একটি সিম ও একটি সংযোগের মাধ্যমে ঘরে ও বাইরে নির্বিঘ্ন ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করা। ব্যবহারকারী ঘরে থাকলে ওয়াইফাই ও বাইরে থাকলে মোবাইল ডেটার মাধ্যমে একই সেবা ব্যবহার করতে পারবেন। আমরা ইতোমধ্যে এমভিএনও সিম, ‘আলাপ’ অ্যাপ, ‘জীপন’ ব্রডব্যান্ড ও ওটিটি কনটেন্টের সমন্বিত পাইলট সফলভাবে সম্পন্ন করেছি। এই পুরো সিস্টেমটি বিটিসিএলের নিজস্ব প্রকৌশলীরা উন্নয়ন করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

এমভিএনও এবং ট্রিপল প্লে নিয়ে গ্রাহক জরিপের কথা উল্লেখ করে বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, জরিপে প্রায় ৯০ শতাংশ মানুষ মোবাইল ও ব্রডব্যান্ডের যৌথ প্যাকেজকে ইতিবাচক হিসেবে দেখেছেন। এটি বাজারে প্রতিযোগিতা তৈরি করবে, সেবার মান বাড়াবে এবং পাইরেসি কমাতে সহায়ক হবে। তিনি জানান, নির্বাচনের পরপরই রমনা ও গুলশান থেকে বাণিজ্যিকভাবে এই সেবা চালু করা হবে। ভবিষ্যতে ডিভাইস সংযুক্ত কোয়াড প্লে ও সারাদেশব্যাপী ফাইবার সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

উল্লেখ্য, এমভিএনও মডেলে নিজস্ব মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো ছাড়াই আনলিমিটেড মোবাইল সেবা প্রদান করা হয়। প্রাথমিক পর্যায়ে বিটিসিএল, টেলিটক বাংলাদেশ লিমিটেডের নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকদের জন্য এই সেবা চালু করেছে।

এই সেবার আওতায় গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কল ও আনলিমিটেড ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন। পাশাপাশি অ্যাপভিত্তিক আইপি কলিং সেবা ‘আলাপ’-ও এই প্ল্যাটফর্মের অন্তর্ভুক্ত থাকবে। জিপিওএন কানেকশন এবং রাউটার সহ আনলিমিটেড ইন্টারনেট এবং ওটিটি কনটেন্ট (নাটক, মুভির) প্ল্যাটফর্ম টফি এই এমভিএনও সেবার সঙ্গে সংযুক্ত করা হবে। পাশাপাশি আনলিমিটেড ভয়েস, আনলিমিটেড ডেটা, আনলিমিটেড ব্রডব্যান্ড ও ডিজিটাল কনটেন্টকে একীভূত করে কোয়াড-প্লে সেবা প্রদান করা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মামুনুর রশীদ, টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চেীধুরীসহ বিটিসিএল এবং টেলিটকের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি