বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রবি আজিয়াটা পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা। গত ২ ফেব্রুয়ারি ঢাকায় অবস্থিত মালয়েশিয়ান হাইকমিশনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আলোচনায় উল্লেখ করা হয়, বাংলাদেশে মালয়েশিয়ার সর্ববৃহৎ বিনিয়োগ রয়েছে রবি আজিয়াটা পিএলসি-তে।
উল্লেখ্য, রবি আজিয়াটার মূল প্রতিষ্ঠান আজিয়াটা গ্রুপ বারহাদ মালয়েশিয়ার একটি গভর্নমেন্ট-লিঙ্কড কোম্পানি এবং এর প্রধান শেয়ারহোল্ডার হলো খাজানা ন্যাশনাল বারহাদ- যা মালয়েশিয়ার সার্বভৌম সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান।
সাক্ষাৎকালে জিয়াদ সাতারা রবি আজিয়াটা পিএলসির প্রতি মালয়েশিয়ান হাইকমিশনের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। জবাবে হাইকমিশনার রবির প্রতি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান বলেন, রবির মাধ্যমে আজিয়াটা গ্রুপ বারহাদ বাংলাদেশে মালয়েশিয়ার বৃহত্তম বিনিয়োগের প্রতিনিধিত্ব করছে। রবি বছরের পর বছর ধরে শক্তিশালী পারফরম্যান্স ও ধারাবাহিক অগ্রগতি অর্জন করে আসছে। রবির সাফল্য কেবল দুই দেশের মধ্যে দৃঢ় অর্থনৈতিক সহযোগিতার প্রতিফলন নয়, বরং এটি বাংলাদেশের প্রতি মালয়েশিয়ান বিনিয়োগকারীদের আস্থাও আরও সুদৃঢ় করেছে। আমরা আশা করি, এই ইতিবাচক ধারা আগামী বছরগুলোতেও অব্যাহত থাকবে।