তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহায়তায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) ‘ফ্রিল্যান্স ফোকাস: আপস্কেলিং ফর অ্যা বেটার ফিউচার’ শীর্ষক একটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করেছে। গত ৩ ফেব্রুয়ারি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাক্কো সভাপতি তানভীর ইব্রাহীম বলেন, দেশের তরুণ ফ্রিল্যান্সারদের টেকসই ক্যারিয়ার গঠনে মানসম্মত প্রশিক্ষণের বিকল্প নেই। সরকারি সহযোগিতায় এমন উদ্যোগ ফ্রিল্যান্সিং ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব (মানব সম্পদ উন্নয়ন অধিশাখা) মোঃ মাইনুল হক ভূঁইয়া, বাক্কো সাধারণ সম্পাদক ফয়সল আলিম এবং অর্থ সম্পাদক মোঃ আমিনুল হক।
এই প্রকল্পের আওতায় তিনটি ব্যাচে মোট ৬০ জন ফ্রিল্যান্সারকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এর আওতায় অংশগ্রহণকারীদের মার্কেটপ্লেস প্রোফাইল অপ্টিমাইজেশন (বিফোর-আফটার), নিশ সিলেকশন ও পজিশনিং, সার্ভিস প্যাকেজিং ও অফার ডিজাইন, প্রাইসিং ও প্যাকেজ প্ল্যানিং, বিডিং ও প্রোপোজাল স্ট্র্যাটেজি, ক্লায়েন্ট কমিউনিকেশন ও সফট স্কিলস, সার্ভিস মার্কেটিং কৌশল, টাইম ম্যানেজমেন্ট ও ওয়ার্কফ্লো সিস্টেম, পাশাপাশি ফিন্যান্সিয়াল প্ল্যানিং ও ইনকাম ট্র্যাকিং এর ওপর হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাক্কো সচিবালয়ের নির্বাহী পরিচালক লেঃ কর্নেল (অবঃ) মোঃ মাহতাবুল হক, প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষকবৃন্দ এবং প্রশিক্ষণপ্রাপ্ত ফ্রিল্যান্সারগণ।