আফ্রিকার দেশ জাম্বিয়ার জাম্বিয়া মেডিসিনস অ্যান্ড মেডিকেল সাপ্লাইস এজেন্সির (জেডএএমএমএসএ) কেনাকাটা ও আর্থিক ব্যবস্থাপনা ডিজিটাইজেশন প্রকল্পের কাজ পেয়েছে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি অনলাইনে এই দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ড্রিম৭১ বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় বাস্তবায়িত হবে এই প্রকল্প। জাম্বিয়ার সরকারি স্বাস্থ্য খাতের কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতা বাড়ানোর জন্য এই প্রকল্প হাতে নেয়া হয়েছে। ২০১৯ সালে জাম্বিয়া মেডিসিনস অ্যান্ড মেডিকেল সাপ্লাইস এজেন্সি অ্যাক্ট অনুযায়ী একটি স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা হিসেবে জেডএএমএমএসএ পুনর্গঠিত হয়। প্রতিষ্ঠানটি দেশের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়, সংরক্ষণ ও বিতরণের দায়িত্বে রয়েছে।
জেডএএমএমএসএ এখন তাদের সরবরাহ ও আর্থিক ব্যবস্থাপনা সম্পূর্ণভাবে ডিজিটাল মাধ্যমে রূপান্তর করতে যাচ্ছে। এই প্রকল্পের আওতায় ড্রিম৭১ একটি ইন্টিগ্রেটেড ভার্চুয়াল বাজেট ও প্রকিউরমেন্ট মডিউল তৈরি করবে, যা ওষুধের বাজেট, ক্রয় প্রক্রিয়া, সরবরাহকারী ব্যবস্থাপনা ও আর্থিক তদারকি একীভূত করবে।
ড্রিম৭১-এর ব্যবস্থাপনা পরিচালক রাশাদ কবির বলেন, জাম্বিয়ার স্বাস্থ্য খাতের ডিজিটাল রূপান্তরের অংশ হতে পেরে আমরা গর্বিত। এটি বাংলাদেশের প্রযুক্তি সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি। আমাদের লক্ষ্য হচ্ছে এমন প্রযুক্তি সরবরাহ করা, যা উন্নয়নশীল দেশগুলোর জন্য স্বচ্ছ ও দক্ষ জনসেবা নিশ্চিত করে।
এই প্রকল্পটি ইউএনডিপির উপআবাসিক প্রতিনিধি এবং জেডএএমএমএসএর ডিরেক্টর অব প্ল্যানিং অ্যান্ড প্রজেক্টসের তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে। ড্রিম৭১ শুধু সফটওয়্যার উন্নয়ন নয়; জেডএএমএমএসএর প্রযুক্তি দলকেও প্রশিক্ষণ দেবে।