রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সব বিভাগে বাংলাদেশ স্টাডিজ নামক কোর্সে ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত করা হচ্ছে।
গত বুধবার অনুষ্ঠিত ৪৯তম একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে উপাচার্য অধ্যাপক ড, শওকত আলী জানান পরবর্তী সিন্ডিকেট সভায় বিষয়টি চূড়ান্ত অনুমোদন দেয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উপাচার্য বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবের ইতিহাস ২০২৪’ পাঠ্যক্রমে অর্ন্তভুক্ত করা হলে, শিক্ষার্থীরা সমকালীন ইতিহাসের ঘটনা প্রবাহের সঙ্গে পরিচিত হবে। একইসঙ্গে জাতীয় চেতনা ও সংগ্রামের মর্মার্থও উপলব্ধি করতে পারবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধা এবং সামাজিক দায়বদ্ধতা তৈরি হবে।
এ ব্যাপারে একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য বলেন, “জুলাই আগস্ট এর গনঅভ্যুত্থান ২০২৪” সব বিভাগে বাংলাদেশ স্টাডিজ নামক কোর্সে অর্ন্তভুক্ত করার প্রস্তাব করেন একাডেমিক কাউন্সিলের বেশ কয়েকজন সদস্য। উক্ত বিষয়ে বিস্তারিত পর্যালোচনা শেষে সভায় ঐক্যমতের ভিত্তিতে পরবর্তী সেশন থেকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো. ইলিয়াছ প্রামণিক বলেন, শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা এবং দায়িত্বশীলতা সৃষ্টির জন্য ‘জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান-২০২৪’ একটি আদর্শ বিষয়। এই সংযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরও দায়িত্বশীল ও সচেতন করে তুলবে এবং জাতীয় ঐক্যের আদর্শে তাদের উদ্বুদ্ধ করবে।
এ ব্যাপারে বেরোবির শিক্ষার্থী মুনতাসির, সাফিউলসহ অনেকেই বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বললেন, আমরা বর্তমান প্রজন্ম জুলাই-আগস্টের গনঅভ্যুত্থান দেখেছি। আমরা নিজেরাও অংশ নিয়েছি। বৈষম্যবিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আন্দোলনের অন্যতম সমন্ময়ক আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হয় ১৬ জুলাই। এই ইতিহাস আমাদের পরের প্রজন্মসহ শত বছর ধরে আন্দোলন গণঅভ্যুত্থান সম্পর্কে জানবে এটা আমাদের ভালো লাগছে। আশা করি দ্রুতই এটা বাস্তবায়িত হবে।
অর্থ-বাণিজ্য: ভোটের আগেই বাজারে হাঁফিয়ে উঠেছেন ভোটাররা
আন্তর্জাতিক: সুদানে ড্রোন হামলায় বাস্তুচ্যুত পরিবারের ২৪ জন নিহত