আনিসুলের এখন পর্যন্ত ৫২ দিনের রিমান্ড মঞ্জুর, সাবেক আইজিপি মামুনের ৯২ দিন

সংবাদ অনলাইন রিপোর্ট

পৃথক মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত গতকাল এসব আদেশ দেন।

আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রাজধানীর মোহাম্মদপুর থানায় করা সুজন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩ আগস্ট ঢাকার সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ। বিভিন্ন থানায় এখন পর্যন্ত তার মোট ৫২ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

যাত্রাবাড়ী থানায় করা ওবায়দুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে ৪ দিন করে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। গত ১৯ আগস্ট দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ। বিভিন্ন মামলায় এখন পর্যন্ত তার মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত বছরের ২২ আগস্ট গ্রেপ্তার হন রাশেদ খান মেনন। এখন পর্যন্ত তার মোট ৩৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত ২৬ আগস্ট গ্রেপ্তার হন ইনু। তার এখন পর্যন্ত মোট ৪০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

যাত্রাবাড়ী থানায় করা সায়েম

হোসেন হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আবদুল্লাহ আল-মামুন গ্রেপ্তার হয়েছিলেন গত ৩ সেপ্টেম্বর। এখন পর্যন্ত তার মোট ৯২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মোহাম্মদপুর থানায় করা অর্ণব হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সাদেক খানকে গত ২৪ আগস্ট গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। বিভিন্ন মামলায় তার এখন পর্যন্ত মোট ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় এ থানার সাবেক ওসি আবুল হাসানকে দুইদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। বুধবার সকাল সাড়ে ৮টার পর এই আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে পৃথক মামলায় তাদের রিমান্ড আবেদনের শুনানি হয়।

‘জাতীয়’ : আরও খবর

» নির্বাচন: ইসিতে ৩৪৫টি অভিযোগ, ৪১ শতাংশই মাঠ কর্মকর্তাদের বিরুদ্ধে

» আগামী সরকার ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে পারবে বলে আমি আশাবাদী: পররাষ্ট্র উপদেষ্টা

» নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন বঙ্গভবনের কর্মী ছরওয়ার

» এলপি গ্যাসের দাম কমাতে স্থানীয় উৎপাদন ও ব্যবসায় ভ্যাট-ট্যাক্স অব্যাহতি

» রায়ে ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ এসআই আব্দুল মালেকের পরিবারের

» ভোটে হুমকি সোশ্যাল মিডিয়ার অপতথ্য: নিরাপত্তায় এক লাখ সেনা মোতায়েন

» ‘দ্রুত’ দায়িত্ব হস্তান্তর, নতুন প্রধানমন্ত্রীর শপথ ১৫ বা ১৬ ফেব্রুয়ারি: প্রেস সচিব

সম্প্রতি