কবে কমবে ঝড়-বৃষ্টি, যা জানালো আবহাওয়া অফিস

বজ্রপাতের সতর্কবার্তা পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের

সংবাদ অনলাইন রিপোর্ট

ভ্যাপসা গরমের মধ্যে অবশেষে নেমেছে স্বস্তির বৃষ্টি। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরেই ঝুম বৃষ্টি হয়েছে। বুধবার বেলা আড়াইটার দিকে রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে, পরে ঝোড়ো হাওয়ার সঙ্গে নামে তুমুল বৃষ্টি। তীব্র গরমের পর বৃষ্টিতে নগরজীবনে আসে প্রশান্তি। যারা কর্মব্যস্ততার কারণে ঘরের বাইরে বেরিয়েছিলেন, তাদের যানজটের যন্ত্রণা ভোগ করতে হয়।

আবহাওয়া অধিদপ্তর এমন অবস্থায় চারদিন দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে জানায়। এর পর কমতে পারে বৃষ্টি। একই সঙ্গে বাড়বে তাপমাত্রাও। আবহাওয়া অফিস বলছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

এদিকে বৃহস্পতিবার বিকালের মধ্যে দেশের ২৭ জেলায় বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই অবস্থায় নিরাপদ থাকতে বেশকিছু পরামর্শও দিয়েছে আবহাওয়া সংস্থাটি। আবহাওয়া অধিদপ্তরের বজ্রপাতের সতর্কবার্তায় এসব পরামর্শ দেয়া হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে নবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ভোলা, বরগুনা, নোয়াখালী, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।

আজ পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকালের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববারের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি পারে। সেইসঙ্গে অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবারের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

আর বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা আরও বাড়তে পারেও বলে জানায় আবহাওয়া অধিদফতর।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি