image

সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ‘পুরো মাত্রায় প্রস্তুত’ ইসি: সিনিয়র সচিব আখতার আহমেদ

সংবাদ অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) ‘পুরো মাত্রায় প্রস্তুত’ বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। শনিবার,(০৬ ডিসেম্বর ২০২৫) বিকেলে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) সাংবাদিকদের এক কর্মশালায় তিনি এ কথা জানান।

এর আগে নির্বাচন ভবনে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতির অংশ হিসেবে বৈঠকে বসে কমিশন, সেখানে সচিব আখতার আহমদও ছিলেন।

বৈঠকের বিষয়ে তিনি বলেন, ‘সকাল সাড়ে ১১টা থেকে আমরা নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আয়োজিত মিটিংয়ে ছিলাম।’ তফসিল ঘোষণার প্রসঙ্গে তিনি বলেন, কমিশন বৈঠকে তফসিল ঘোষণার তারিখ এখনও নির্ধারণ হয়নি।

তবে নির্বাচন আয়োজনে ইসি পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে দাবি করেন তিনি। নির্বাচন নিয়ে ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করি, সঠিক তথ্যটা দেন...নিশ্চয়ই নির্বাচনের ব্যাপারে জোর প্রস্তুতি চলছে।’

সাংবাদিকদের নিয়ে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (সর্বশেষ সংশোধনীসহ); সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ (সর্বশেষ সংশোধনীসহ) এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ এর পরিচিতি’ শিরোনামের কর্মশালায় বক্তব্য দেন আখতার আহমেদ। এ প্রশিক্ষণ আয়োজন করে ইউএনডিপি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)।

এর আগে সকালে কর্মশালার পৃথক একটি অধিবেশনে সাংবাদিকদের সঙ্গে যুক্ত হন নির্বাচন কমিশনার (ইসি) আবদুল রহমানেল মাছউদ। ‘সংবিধান, জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব ও নির্বাচন কমিশনের ভূমিকা; নির্বাচনি অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট আইন: সিআরপিসি, সিপিসি, অ্যাভিডেন্স অ্যাক্ট সম্পর্কে প্রাথমিক ধারণা; জাতীয় সংসদ এর নির্বাচন সংক্রান্ত মামলা নিষ্পত্তি’ বিষয়ে আলোচনা করেন তিনি।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি