আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রেলের যাত্রী, ট্রেন এবং রেল অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। শনিবার,(৩১ জানুয়ারী ২০২৬) এ নির্দেশনা দিয়ে মন্ত্রণালয় অফিস আদেশ জারি করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহল নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে পারে।’
এ ধরনের পরিস্থিতিতে গণপরিবহন হিসেবে রেলকে লক্ষ্য করে নাশকতার আশঙ্কা রয়েছে বলে আদেশে বলা হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে। এবরের নির্বাচনে ৫১টি দল ও স্বতন্ত্র মিলিয়ে প্রায় ২ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তবে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করায় এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধ স্থগিত করায় দলটি এবারে নির্বাচনে নেই।
নির্বাচন ঘিরে রেল মন্ত্রণালয় নাশকতামূলক কর্মকা- হতে পারে বলে যে আশঙ্কা প্রকাশ করেছে সেই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কিছু নির্দেশনা দেয়া হয়েছে।
এর মধ্যে রেলের যাত্রী সাধারণ, ট্রেন ও রেল অবকাঠামোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে করণীয় নির্ধারণ, তা বাস্তবায়ন এবং অগ্রগতি প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের বলা হয়েছে।
এছাড়া নিরাপত্তা ব্যবস্থার কার্যকর বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে, যাতে যাত্রীসাধারণ নির্বিঘেœ রেলসেবা গ্রহণ করতে পারেন এবং সম্ভাব্য যে কোনো নাশকতা আগেভাগেই প্রতিরোধ করা যায়।একই সঙ্গে সাধারণ মানুষকেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
অফিস আদেশে বলা হয়, ‘কোনো প্রকার নাশকতা কিংবা রেল যাত্রী, ট্রেন ও রেল অবকাঠামোর ক্ষতিসাধনের কোনো প্রচেষ্টা দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিক নিকটস্থ রেলস্টেশনে কর্মরত কর্মচারীরা, সংশ্লিষ্ট গেইটকিপার অথবা রেল পুলিশকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে।’
এ ছাড়া এমন কোনো ঘটনা বা সন্দেহজনক পরিস্থিতি নজরে এলে বাংলাদেশ রেলওয়ের হটলাইন নম্বর ১৩১-এ ফোন করে কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ করেছে মন্ত্রণালয়।