স্বচ্ছ, সুন্দর, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে, এ ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতা রক্ষায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যান্ত গুরূত্বপূর্ণ। গতকাল শনিবার বিকেলে ঝালকাঠিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে এক সমন্বয় সভায় এসব কথা বলেন নির্বাচন কমিশনার। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদায়িত্ব, সততা ও সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান নির্বাচন কমিশনার। নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না বলেও কঠোর সতর্কবার্তা দেন তিনি।
জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের করণীয় বিষয়ে বিস্তারিত ও স্পষ্ট দিকনির্দেশনা দেন নির্বাচন কমিশনার। তিনি আরও বলেন, স্বচ্ছ, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। ৬টি মূল কাঠামোর উপরে এবারের এই নির্বাচন হচ্ছে।
এই ৬টি টিম সমন্বিতভাবে কাজ করছে যার ফলে কোনো ধরনের শিথিলতা সুযোগ সৃষ্টি হওয়ার উপায় নাই। বিচারিক ইলেকট্রাল কমিটি তদন্ত করার সুযোগ রয়েছে, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের মোবাইল কোর্ট করার ক্ষমতা দেয়া হয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রার্থীদের আচরণ বিধি লঙ্ঘনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করবে, অবজারবেশন টিম রয়েছে এবং মনিটরিং কমিটি কাজ করার ফলে মাঠ পর্যায়ে দ্রুত তথ্য কমিশনের কাছে আসছে। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে সমন্বয় সেল থাকায় এই ৬টি কম্পোনেন্ট একসঙ্গে সমন্বয় করে কাজ করছে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ইয়াসির আরাফাত, বিজিবি ক্যাম্প কমান্ডার মেজর ফরিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের প্রতিনিধিরা।