image
ছবিঃ সংগৃহীত

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধি, বেনাপোল (যশোর)

মাদারীপুর-২ আসনের সাবেক স্বতন্ত্র প্রার্থী ও রাজৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং মাদারীপুর জেলা আওয়ামী লীগের সদস্য আল আমিন মোল্লাকে (৪৩) গ্রেপ্তার করেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ।

শুক্রবার বিকেলে চিকিৎসার জন্য বাংলাদেশি পাসপোর্ট ভিসা নিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দেখিয়ে স্থানীয় বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি মাদারীপুর সদর থানার পশ্চিম স্বরমঙ্গল গ্রামের রাজৈরের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম হারুন উর রশীদের ছোট ছেলে। তার পাসপোর্ট নাম্বার- অ-০৪২৬৩০৬১।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, মাদারীপুরের আওয়ামীলীগ নেতা আল আমিন মোল্লা মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার জন্য বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন অফিসে প্রবেশ করে এক্সিট সিল মারার জন্য ডেস্কে পাসপোর্ট জমা দিলে ইমিগ্রেশন সার্ভারের স্টপ লিস্টে তার নাম থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার করেন। ইমিগ্রেশন কর্তৃক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারেন তিনি মাদারীপুরের রাজৈর উপজেলার সাবেক চেয়ারম্যান ও মাদারীপুর জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য ছিলেন। তার বিরুদ্ধে মাদারীপুরের রাজৈর থানায় একটি মামলা রয়েছে। মামলা নং- ২৪ তারিখ-২৪-১১-২০২৪। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মোর্তজা আওয়ামীলীগ নেতা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ইমিগ্রেশন সার্ভারে স্টপলিস্টে নাম এবং তার বিরুদ্ধে মামলা থাকায় গ্রেপ্তার দেখিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত আশরাফ হোসেন জানান, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ আল আমিন মোল্লা নামে এক আসামিকে হস্তান্তর করেছে। মাদারীপুরের রাজৈর থানায় তার নামে একটি মামলা থাকায় শনিবার রাতে ওই থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আমিনুল ইসলাম জানান, যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে ভারতে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে। আমাদের জানানোর পর পুলিশ পাঠিয়ে রাতেই তাকে রাজৈর থানায় আনা হয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি