বাংলাদেশের ওপর আরোপ করা ২০ শতাংশ পাল্টা শুল্কহার নিয়ে গেল বছরের আগস্ট মাসে সমঝোতা হয় দুই দেশের। তবে সে সময় চুক্তি করা হয়নি। এবার সেই চুক্তি হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সেই চুক্তি অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোববার (১ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।
জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে আগামী ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শুল্ক চুক্তি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আসছে ৫ ফেব্রুয়ারি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও বাণিজ্যসচিব মাহবুবুর রহমান চুক্তির উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন।
তবে যুক্তরাষ্ট্রের আগে ৬ ফেব্রুয়ারি জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারি চুক্তি (বিজেইপিএ) সই হবে। সেখান থেকেই তাঁরা ওয়াশিংটনে যাবেন। বাণিজ্যসচিব মাহবুবুর রহমান জানান, ‘৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারিখ পেয়েছি। চুক্তির খসড়া ও এ তারিখে সই করার জন্য অনুমোদন চেয়ে সারসংক্ষেপ পাঠিয়েছি।’
পাল্টা শুল্কের হার কত হতে পারে, এমন প্রশ্নের জবাবে বাণিজ্যসচিব বলেন, ‘২০ শতাংশ আছে। কিছু দেশে একই আছে, আবার কিছু দেশে আছে এর চেয়ে বেশি। আশা করছি হার কিছু কমবে। তবে নিশ্চিত বলতে পারব না ৯ ফেব্রুয়ারির আগপর্যন্ত।’
বাণিজ্য মন্ত্রণালয়ের মতে, চুক্তি স্বাক্ষর হলে প্রথম দিন থেকেই বাংলাদেশের ৭ হাজার ৩৭৯টি পণ্য জাপানের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পাবে। অন্যদিকে জাপানের ১ হাজার ৩৯টি পণ্য বাংলাদেশের বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে।