চানখাঁরপুল মামলা: আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত পাঁচ পুলিশ সদস্যের মুক্তি নয়

সংবাদ অনলাইন রিপোর্ট

২০২৪ সালের জুলাই আন্দোলনে সংঘটিত ‘মানবতাবিরোধী’ মামলায় রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় লঘু দণ্ডপ্রাপ্ত পাঁচ পুলিশ সদস্যের সাজা বাড়াতে করা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারাগারে আটক পুলিশ কর্মকর্তাদের মুক্তি না দিতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে তিন বছরের কারাদণ্ড প্রাপ্ত কনস্টেবল মো. সুজন মিয়ার বিষয়ে দেয়া ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে রোববার, (০১ ফেব্রুয়ারী ২০২৬) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এ মামলায় গত ২৬ জানুয়ারি ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বাকি দুজন হলেন- ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম। এই তিন পুলিশ কর্মকর্তার সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। তবে তারা তিনজনই পলাতক।

মামলার বাকি পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এরমধ্যে ডিএমপির রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে ছয় বছর, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেনকে চার বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। আর সাবেক কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলামকে তিন বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে রায়ে।

মামলার আসামিদের মধ্যে চারজন পলাতক। এদের মধ্যে গ্রেপ্তার আছেন আরশাদ, সুজন, ইমাজ ও নাসিরুল গ্রেপ্তার থাকলেও সাবেক সহকারী কমিশনার মোহাস্মদ ইমরুল পলাতক।

পরবর্তীতে লঘুদণ্ডের বিষয়ে ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ স্থগিত চেয়ে আপিল করে প্রসিকিউশন। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসামিরা যেন জামিন ও মুক্তি না পান, সে বিষয়ে আর্জি জানানো হয়। গত ২৯ জানুয়ারি প্রসিকিউশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

২০২৫ সালের ২০ এপ্রিল চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এই মামলার তদন্ত প্রতিবেদন দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

‘জাতীয়’ : আরও খবর

» নির্বাচনকালীন সহিংসতা নিয়ে আমাদেরও উদ্বেগ আছে: পররাষ্ট্র উপদেষ্টা

» জাতীয় সংসদ নির্বাচন: ২শ’র বেশি সহিংস ঘটনা

সম্প্রতি