কর্মজীবি নারীদের বিক্ষোভ
সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে করা একটি পোস্ট নিয়ে তুমুল শোরগোল শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তর্ক-বির্তক আর সরব আলোচনার মধ্যে ঢাকায় বিক্ষোভ দেখিয়েছে জাতীয়তবাদী ছাত্রদল। এর প্রতিবাদে, বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে, জামায়াতের আমির ও তার দল জানিয়েছেন, ওই অ্যাকাউন্টটি শনিবার বিকেলে ৪৫ মিনিটের জন্য হ্যাক হয়েছিল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে থাকা আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে ঝাড়ুমিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। মিছিলটি বিশ^বিদ্যালয়ের গোলচত্বর থেকে শুরু হয়ে শহীদ মিনারে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ওই সময় কর্মসূচিতে শাখা ছাত্রদলের ছাত্রীবিষয়ক সম্পাদক ও স্পোর্টস সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শ্রুতি রাজ চৌধুরী বলেন, ‘৫ আগস্টের পর আমরা যে বৈষম্যহীন দেশের স্বপ্ন দেখেছিলাম, তা আজ হুমকির মুখে। একটি দল নিজেদের নামের সঙ্গে ইসলাম ব্যবহার করে নারীদের নিয়েই কটূক্তি করছে। আবার তার কোনো দায় নিচ্ছে না। ধর্মের দোহাই দিয়ে যারা নারীদের অপমান করে, তাদের আসল চেহারা জনগণের সামনে উন্মোচন করতে হবে।’
এর আগে, এ ঘটনায় রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঝাড়ু মিছিল করে একদল নারী শিক্ষার্থী। পরে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসি হয়ে অপরাজেয় বাংলার পাদদেশে এসে সমাবেশ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় ‘শফিক তুই জানিস নাকি, দেশের শক্তি অর্ধেক নারী’, ‘এমন হ্যাকার করল হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’, ‘শফিক তুই ক্ষমা চা, নারী নয় পতিতা’- এমন সব স্লোগান দেওয়া হয়।
বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আমাদের এই প্রতিবাদের বক্তব্য হল, তাকে (জামায়াত আমির) অবশ্যই, অবশ্যই এই নারীদের কাছে ক্ষমা চাইতে হবে। “যদি ক্ষমা না চান, আমরা আবারো বৃহত্তর কোনো কর্মসূচি দিতে বাধ্য হব।”
এদিকে, নারীবিদ্বেষী এই পোস্টের প্রতিবাদে বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বুদ্ধিজীবী চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। সমাবেশে ছাত্রনেতারা, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ভাষা ও মানসিকতা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না বলে উল্লেখ করেন।
অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের অবমাননাকর পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মধ্যেই গত শনিবার (৩১ জানুয়ারি) রাতে এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে দলটি। জামায়াতের দাবি, দলীয় আমির শফিকুর রহমানের অফিশিয়াল এক্স হ্যান্ডল হ্যাক করে পোস্টটি করা হয়েছে। ওই পোস্ট বা কনটেন্ট জামায়াতের আমিরের কোনো বক্তব্য, মতামত বা অবস্থানকে প্রতিফলিত করে না। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। একই সময়ে দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টেও সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে জানায় জামায়াত।
প্রসঙ্গত, এর আগে গত শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে জামায়াতের আমিরের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট একটি পোস্ট আপলোড করা হয়। পোস্টে নারী নেতৃত্ব সম্পর্কে দলের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে পোস্টে বলা হয়, নারী ইস্যুতে জামায়াতের অবস্থান বিভ্রান্তিকর বা দুঃখিত হওয়ার মতো নয়, বরং নীতিগত। এতে উল্লেখ করা হয়, নারীদের নেতৃত্বে আসা উচিত নয়। জামায়াতে এটা অসম্ভব। আল্লাহ এটার অনুমতি দেননি। সেখানে বলা হয়, আধুনিকতার নামে নারীদের ঘর থেকে বের করে আনার ফলে তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখে পড়েন।
এর পর ওই বাক্যেই কর্মজীবী নারীদের সম্পর্কে অত্যন্ত আপত্তিজনক মন্তব্য করা হয়। পোস্টে আরও উল্লেখ করা হয়, সামাজিক মাধ্যমের অশ্লীলতা, কর্মক্ষেত্রে হয়রানি এবং নারীদের পণ্যায়ন উন্নতির লক্ষণ নয়, বরং নৈতিক ধসের লক্ষণ। শেষে বলা হয়, অনৈতিকতা যতই আধুনিক বা ফ্যাশনেবল হোক না কেন, এর সঙ্গে আপস নয়।
রাজনীতি: ২২ বছর পর খুলনা যাচ্ছেন তারেক রহমান
অর্থ-বাণিজ্য: স্বর্ণের দামে নাটকীয়তা: লাগাতার উঠানামা
নগর-মহানগর: হাতিরঝিলে পিকআপের ধাক্কায় নিহত ১
অর্থ-বাণিজ্য: ২৪ ঘণ্টার ব্যবধানে কমলো স্বর্ণের দাম