ক্ষমতায় গেলে জামায়াত নারীদের মাথার ওপর তুলে রাখার প্রতিশ্রুতি দিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বললেন, নারী নিপীড়নের বিরুদ্ধে কথা বলায় গোপনে আমার পেছনে লাগা হয়েছে। পেছনের লোকেরা পেছনে পড়ে থাকবে। আমরা ক্ষমতায় গেলে নারীদের মাথার ওপর তুলে মর্যাদা দিয়ে রাখা হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজার পৌর শহরের বাহারছড়ায় মুক্তিযোদ্ধা (গোলচক্কর) মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির। তিনি আরও বলেন, ‘আমরা সরকার গঠনের সুযোগ পেলে নারীদের মাস্টার্স পর্যন্ত ফ্রি পড়ালেখার সুব্যবস্থা করা হবে। ইনসাফের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠাই হবে আমাদের মূল কাজ।’
কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারির সভাপতিত্বে জনসভায় ডা. শফিকুর রহমান আরও বলেন,‘১৩ ফেব্রুয়ারি থেকে নতুন বাংলাদেশ পাবে দেশবাসী। সবকিছু ক্ষমা করা হলেও জুলাই হত্যার বিচার নিশ্চিত করা হবে। ১১ দলীয় জোট ক্ষমতায় এলে সবখানেই ইনসাফ কায়েম করা হবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ২০১৮ বা ২০২৪ এর নির্বাচন নয়। এ নির্বাচন ফ্যাসিবাদকে লাল কার্ড দেখানোর নির্বাচন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।
সকাল থেকে জেলা ও উপজেলা জামায়াতের নেতা, ১১ দলীয় জোটের স্থানীয় নেতা ও জুলাই যোদ্ধাদের পর বক্তব্য দেন কক্সবাজার-৩ আসনের প্রার্থী শহিদুল আলম বাহাদুর, কক্সবাজার-১ আসনের প্রার্থী ও শহর জামায়াতের আমির জেলা মজলিসের শুরা সদস্য আবদুল্লাহ আল ফারুক ও কক্সবাজার-৪ আসনের প্রার্থী জেলা আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারি।