image
ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরায় ৬০৯ কেন্দ্রের ১৭৯টি ঝুঁকিপূর্ণ সব কেন্দ্রে বসছে সিসি ক্যামেরা

প্রতিনিধি, সাতক্ষীরা

সাতক্ষীরার চার সংসদীয় আসনের ৬০৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭৯টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিত করতে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। এছাড়া জেলার সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা যায়, চারটি সংসদীয় আসনের ৬০৯টি ভোটকেন্দ্রে এবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষ রয়েছে ৩ হাজার ৪১০টি। এর মধ্যে স্থায়ী ভোটকক্ষ ৩ হাজার ২৮১টি এবং অস্থায়ী ভোটকক্ষ ১২৯টি। এসব কেন্দ্রের মধ্যে ১৭৯টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) এবং ৪৩০টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আসনভিত্তিক হিসাবে সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে সর্বাধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। এ আসনের ১৮০টি কেন্দ্রের মধ্যে ৬০টি গুরুত্বপূর্ণ। অপরদিকে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে, ৯৬টি কেন্দ্রের মধ্যে ২৯টি। আসনভিত্তিক কেন্দ্রের বিবরণ অনুযায়ী, সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনে ১৬৮টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৫০টি গুরুত্বপূর্ণ ও ১১৮টি সাধারণ। সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে ১৮০টি কেন্দ্রের মধ্যে ৬০টি গুরুত্বপূর্ণ ও ১২০টি সাধারণ। সাতক্ষীরা-৩ (আশাশুনি ও কালিগঞ্জ) আসনে ১৬৫টি কেন্দ্রের মধ্যে ৪০টি গুরুত্বপূর্ণ ও ১২৫টি সাধারণ। সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে ৯৬টি কেন্দ্রের মধ্যে ২৯টি গুরুত্বপূর্ণ ও ৬৭টি সাধারণ কেন্দ্র রয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, জেলার সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে। নির্বাচন কমিশনের উদ্যোগে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে এ কাজ চলছে।

তিনি বলেন, ইতোমধ্যে প্রায় ৭৫ থেকে ৮০ শতাংশ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, গুরুত্বপূর্ণ কেন্দ্র নির্ধারণ শুধু ঝুঁকি বিবেচনায় নয়, কেন্দ্রের দূরত্ব ও ভবনের অবস্থা বিবেচনাতেও করা হয়েছে। কোনো ভোটকেন্দ্রের ভবনের অবস্থা ভালো না হলেও সেটিকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

জেলার ৬০৯টি ভোটকেন্দ্রের সবগুলোই সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনসহ নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি