ববি-আজমিনার নামে বরাদ্দ প্লট বাতিলে রাজউককে নির্দেশ
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি ‘প্লট বরাদ্দে অনিয়মের’ পৃথক দুই মামলায় জুলাই গণআন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার দুই মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির কারাদণ্ড ও জারিমানা করেছে আদালত। একইসঙ্গে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং আজমিনা সিদ্দিকের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের দুটি প্লটের বরাদ্দ বাতিলের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার, (০২ ফেব্রুয়ারী ২০২৬) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ মামলার রায় ঘোষণা করেন।
দুই মামলার একটি আজমিনা সিদ্দিকের প্লট নিয়ে। এ মামলায় আজমিনাকে ৭ বছর, টিউলিপকে ২ বছর ও শেখ হাসিনাকে ৫ বছরের কারাদ- দিয়েছে আদালত। এছাড়া ৫ বছর কারাদণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন- জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এ মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি মোহাম্মদ খুরশীদ আলমকে ১ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। তবে আজমিনাসহ ১৮ আসামিকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে; অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
অন্য মামলাটি রাদওয়ান মুজিব সিদ্দিক ববির প্লট নিয়ে। এ মামলায় ববিকে ৭ বছর, টিউলিপকে ২ বছর ও শেখ হাসিনাকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ৫ বছরের কারাদণ্ড পাওয়া অন্য আসামিরা হলেন সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব শহিদ উল্লাহ খন্দকার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, সহকারী পরিচালক ফারিয়া সুলতানা, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ ও পরিচালক শেখ শহিনুল ইসলাম। এ মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমকে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। মামলায় ববিসহ ১৮ আসামিকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড।
গত ১৩ ও ১৮ জানুয়ারি এই আদালত পৃথক এই দুই মামলার রায় ঘোষণার জন্য সোমবারের দিন ধার্য করেছিল।
মামলা দুটির অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা গোপন করেছেন। এর ফলে প্লট বরাদ্দে আইন, বিধি, নীতিমালা ও আইনানুগ পদ্ধতি লঙ্ঘন হয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ ক্ষমতার অপব্যবহার করে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের প্রভাবিত করেছেন। মামলার আসামিরা পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে ও অন্যকে লাভবান করার উদ্দেশে পূর্বাচলের নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তার ১০ কাঠা করে প্লট তাদের নামে বরাদ্দ দেন।
এর আগে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। মামলায় টিউলিপ, শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে গত বছরের ১০ মার্চ আরও দুই আসামিসহ মোট ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ৩১ জুলাই ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। এরপর ১৩ আগস্ট সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে শেষ হয় এ বছরের ৫ জানুয়ারি। মামলায় মোট ৩১ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। এরপর মামলার যুক্তিতর্ক শুনানি শেষে গত ১৩ জানুয়ারি রায় ঘোষণার তারিখ ২ ফেব্রুয়ারি ধার্য করে।
এ মামলায় আজমিনা সিদ্দিক ছাড়ও বাকি আসামিরা হলেন- শেখ হাসিনা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ, পরবর্তী সময়ে যুক্ত হওয়া সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। তাদের মধ্যে কেবল খুরশীদ আলম গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে দুদকের করা ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। মামলায় টিউলিপ রিজওয়ানা, শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে একই বছরের ১০ মার্চ ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করা হয়। ৩১ জুলাই ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। এরপর ১৩ আগস্ট সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মামলায় মোট ২৮ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। এ মামলায় যুক্তিতর্ক শুনানি শেষ হয় গত ১৮ জানুয়ারি। এরপর রায় ঘোষণার তারিখ ২ ফেব্রুয়ারি ধার্য করে আদালত। মামলার ১৮ আসামির মধ্যে খুরশীদ আলম কারাগারে।
এ মামলার অন্য আসামিরা হলেন- শেখ হাসিনা, টিউলিপ, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব শহিদ উল্লাহ খন্দকার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সহকারী পরিচালক ফারিয়া সুলতানা, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ ও পরিচালক শেখ শহিনুল ইসলাম। তাদের মধ্যে কেবল খুরশীদ আলম গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
এর আগে ঢাকার পূর্বাচলের নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক চার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২৬ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া আগে এক মামলায় শেখ রেহানাকে ৭ ও টিউলিপকে ২ বছরের কারাদণ্ড দেয়া হয়।
রাদওয়ান-আজমিনার নামে বরাদ্দ প্লট বাতিলে রাজউককে নির্দেশ
রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং আজমিনা সিদ্দিকের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের দুটি প্লটের বরাদ্দ বাতিলের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত পৃথক দুই মামলায় রায়ে তাদের নামে থাকা প্লট বরাদ্দ বাতিলে রাজউককে নির্দেশ দেন। দুদকের আইনজীবী তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এ দুইজনের বিরুদ্ধে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের পৃথক দুই মামলার রায় ঘোষণার সময় বিচারক বলেন, ‘দুটি মামলার অভিযোগ একই রকম। দুই মামলায় শেখ হাসিনাসহ টিউলিপ আসামি আছেন। এজন্য বিস্তারিত বলার দরকার নেই বলে মনে করছি। কারণ এর আগেও এ ধরনের চারটি মামলার রায় হয়েছে। মামলার আসামিরা পৃথিবীর যেখানেই থাকুক তাদের বিচারে বাধা নেই বলে মন্তব্য করেন তিনি।’