image
তৃতীয় দিনের ধর্মঘট শেষে সোমবার ২৪ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করেন বন্দর শ্রমিকরা -সংবাদ

টানা তৃতীয় দিনের আন্দোলনে চট্টগ্রাম বন্দর অচল, ২৪ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ডাকা কর্মবিরতির টানা তৃতীয় দিনে বন্দরের কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। সকাল ৮টা থেকে বন্দর জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য উঠানামার কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এ অবস্থায় এনসিটি ইজারা দেয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজ সকাল ৮টা থেকে একটানা ২৪ ঘণ্টার কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। সোমবার, (০২ ফেব্রুয়ারী ২০২৬) দুপুরে বন্দর ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির অন্যতম সমন্বয়ক ইব্রাহিম হোসেন।

সংবাদ সম্মেলনে ইব্রাহিম হোসেন বলেন, আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট যেসব কর্মচারীকে বদলি করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীরসহ আন্দোলনকারী নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনি ও রবিবার পৃথক তিনটি আদেশে বন্দরের ১৬ জন কর্মচারীকে ঢাকায় বন্দরের দুটি কার্যালয়ে বদলি করা হয়। বদলির আদেশে জরুরি দাপ্তরিক ও অপারেশনাল কাজের কথা উল্লেখ থাকলেও আন্দোলনকারীদের অভিযোগ, আন্দোলন দমাতে পরিকল্পিতভাবে এসব বদলি করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড-এর কাছে এনসিটি ইজারা দেয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গত শনিবার থেকে প্রতিদিন ৮ ঘণ্টা করে কর্মবিরতি পালন করে আসছেন শ্রমিক-কর্মচারীরা। এতে বন্দরের বিভিন্ন টার্মিনালের কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বার্থ অপারেটরস, শিপ হ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী বলেন, ‘সকাল ৮টা থেকে শ্রমিকরা কাজে যোগ না দেয়ায় জিসিবি টার্মিনালে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য উঠানামার কাজ বন্ধ রয়েছে। আমরা শ্রমিক বুকিং দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।’

এদিকে সোমবার সকালে আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা বন্দর ভবনের নিচতলায় অনুষ্ঠিতব্য বার্থিং সভা প- করে দেন। শিপিং এজেন্টরা সভায় অংশ নিতে উপস্থিত হলে আন্দোলনকারীরা তাদের কক্ষ ত্যাগের নির্দেশ দেন। পরে শিপিং এজেন্টরা সভাস্থল ত্যাগ করেন।

স্কপের কালো পতাকা মিছিল-সমাবেশ

এনসিটি ইজারা দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) বন্দর অভিমুখে কালো পতাকা মিছিল ও সমাবেশ করে। সোমবার বেলা ১১টায় নগরের আগ্রাবাদ বাদামতলী মোড়ে স্কপের নেতাকর্মীরা জড়ো হয়ে বন্দর অভিমুখে মিছিল শুরু করেন।

স্কপ নেতা এস কে খোদা তোতনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রামের সভাপতি তপন দত্ত, জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারসহ অন্য নেতারা। সমাবেশ শেষে কালো পতাকা মিছিলটি আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে শুরু হয়ে যমুনা ভবনের সামনে গিয়ে শেষ হয়।

‘জাতীয়’ : আরও খবর

» জ্বালানি উপদেষ্টার ফোন নম্বর হ্যাক, চাওয়া হচ্ছে অর্থ

» এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

» শেখ হাসিনার বিরুদ্ধে ৬৬৩টি মামলার ৪৫৩টিই হত্যা মামলা: টিআইবি

» অন্তর্বর্তী সরকারের অর্জনের চাইতে ‘ঘাটতির পাল্লা ভারী’: টিআইবি

» লুটেরাদের পেটে হাত ঢুকিয়ে সব বের করে আনা হবে: জামায়াত আমির

» রাজউকের ‘প্লট দুর্নীতি’: দুই মামলায় হাসিনা, টিউলিপ, আজমিনা ও ববির কারাদণ্ড

» তফসিলের পর থেকে ২৭৪টি সহিংসতার ঘটনা, ৫ হত্যাকাণ্ড: প্রধান উপদেষ্টার দপ্তর

সম্প্রতি