আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এক হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিশেষ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগামী নির্বাচন ও প্রয়োজনে গণভোট উপলক্ষে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন মোবাইল টিম এবং স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে সমন্বয় করে এই ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন। বিশেষ করে বিজিবি ও কোস্টগার্ডের সঙ্গে থেকে নির্বাচনি এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং নির্বাচনী অপরাধ প্রতিরোধে তারা মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত এই কর্মকর্তাদের বিভাগীয় পর্যায়ে দুই ধাপে বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হবে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ শুরু হবে ৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে। অন্যদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কর্মকর্তারা একই দিন দুপুর আড়াইটায় জুম প্ল্যাটফর্মের মাধ্যমে ওরিয়েন্টেশনে অংশ নেবেন। প্রশিক্ষণে অংশ নেওয়া সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে যথাসময়ে অনলাইনে যুক্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসকরা তাদের নিজ নিজ অধিক্ষেত্রে নিয়োজিত এই নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কর্ম এলাকা নির্ধারণ এবং দায়িত্ব বণ্টন করবেন। মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের সময় পরিচালিত মোবাইল কোর্টের সকল কার্যক্রম নিয়মিতভাবে জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে। নির্বাচনের দিন এবং এর আগে-পরে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন রোধ ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশাল সংখ্যক ম্যাজিস্ট্রেট দেশব্যাপী সক্রিয় থাকবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।