image

রণক্ষেত্রে ‘গুলিবিদ্ধ’ ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের

সংবাদ অনলাইন রিপোর্ট

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দাবি করা হয়েছে। একই সঙ্গে মঞ্চের জুমা ও শান্তাকেও আহত করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ তথ্য জানানো হয়।

পোস্টে জানানো হয়, ‘জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা-শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে।’ সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে এ ঘটনা ঘটে। সূত্রমতে, পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার সময় ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা ও রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারসহ অনেকে আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, ‘তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে কেউ গুলিবিদ্ধ নয়।’ আরেক পোস্টে যমুনায় ইনকিবাল মঞ্চের সদস্য সচিব জাবেরসহ ইনকিলাব কর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। সন্ধ্যা ৬টায় বিপ্লব উদ্যানের ২ নম্বর গেটে এ কর্মসূচি পালনের কথা উল্লেখ করেছে।

জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা কর্মসূচি পালন করছিলেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে ৪টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বলে অভিযোগ আন্দোলনকারীদের।

এদিকে, আবদুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডি থেকেও জানানো হয়েছে, তিনি গুলিবিদ্ধ। আরও শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে আপাতত জমায়েত না করতে ও চিকিৎসা নিয়ে পরে আবার কর্মসূচিতে ফেরার কথা বলা হয়।

এর আগে হাদি হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে নেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছিল ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার বিকাল থেকে রাতভর অবস্থান কর্মসূচিতে অংশ নেন হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, আবদুল্লাহ আল জাবের ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ অন্যরা।

সম্প্রতি