image

শরীয়তপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ২

প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুরে যৌথ বাহিনীর তিনটি বিশেষ অভিযানে ৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় দুজনকে আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় শরীয়তপুর আর্মি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে যৌথ বাহিনী এসব তথ্য জানায়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া, নড়িয়া উপজেলার মুক্তাকার চর এবং ডামুড্যা উপজেলার এরিকাঠি এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়

১টি টমাহক শটগান, ২টি একে-২২ বোর সেমি অটোমেটিক রাইফেল, ৩টি ম্যাগাজিন, ৭১ রাউন্ড শটগান অ্যামুনিশন, ৫৭ রাউন্ড রাইফেল অ্যামুনিশন, ১২ রাউন্ড ৯ মিমি পিস্তলের গুলি, ৭টি কার্তুজ, ১টি ইলেকট্রিক শক মেশিন, ১টি বিদেশি ড্যাগার, ৩টি রামদা, ৩টি চাইনিজ কুড়াল, ২টি চাপাতি, ২টি ছুরি, ৩ বোতল বিদেশি মদ ও মাদক গ্রহণের বিভিন্ন সরঞ্জাম।

অভিযানে সাত মামলার আসামি সন্ত্রাসী মন্টু তালুকদারের স্ত্রী, সাবেক ছাত্রদল নেত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদার এবং রাব্বি মোড়লকে আটক করা হয়।

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল মিয়া মোহাম্মদ মেহেদী হাসান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি