৪৪তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৯০ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শুক্রবার, (০৬ ফেব্রুয়ারী ২০২৬) প্রকাশিত এই বিসিএসে উত্তীর্ণ ১৬৭৬ প্রার্থীর মধ্যে চূড়ান্ত নিয়োগে বাদ পড়েছেন ১৮৬ জন। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের সাত মাস পর নিয়োগ পেলেন প্রার্থীরা। জনপ্রশাসন মন্ত্রণালয় আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে নিয়োগপ্রাপ্তদের যোগদান করতে বলেছে।
১৪৯০ জনের মধ্যে প্রশাসন ক্যাডারে ২৪৪ জন, পুলিশ ক্যাডারে ৪৮ জন, পররাষ্ট্র ক্যাডারে নয়জন, কর ক্যাডারে ১১ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ২৯ জনসহ বিভিন্ন ক্যাডারে নিয়োগে দেয়া হয়েছে। নির্ধারিত ৯ ফেব্রুয়ারির মধ্যে যোগদান না করলে প্রার্থী চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেয়া হবে এবং নিয়োগপত্র বাতিল হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে মন্ত্রণালয়।
‘ত্রুটি বিচ্যুতি’ কাটিয়ে ১ হাজার ৬৭৬ জন প্রার্থীকে নিয়োগের চূড়ান্ত মনোনয়ন দিয়ে গত ১১ নভেম্বর তৃতীয় বারের মতো ৪৪তম বিসিএসের ফলাফল প্রকাশ করে পিএসসি। এর আগে গত ৩০ জুন প্রথম দফায় এ বিসিএসের ফল প্রকাশ করা হয়। ১ হাজার ৬৯০ জনকে উত্তীর্ণ করে প্রকাশিত ওই ফলে ৩০৩ জন প্রার্থী একই ক্যাডারে বা তাদের পছন্দক্রম অনুযায়ী নিচের ক্যাডারের পদে সুপারিশ পেয়েছিলেন বলে যোগদান করতে চাননি। তাই পরে ৬ নভেম্বর সম্পূরক ফলাফল প্রকাশ করা হয়, যেখানে কিছু ‘ত্রুটি-বিচ্যুতি’ পাওয়ার কথা বলেছিল পিএসসি।
২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নিয়োগ দেয়ার কথা ছিল।