image

“এবারের নির্বাচন দেশকে পুনর্গঠনের লড়াই”

সংবাদ অনলাইন রিপোর্ট

এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বড় মাঠ) মাঠে জেলা বিএনপির আয়োজনে নির্বাচনী গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

বিগতদিনগুলোতে দেশে রাজনৈতিক পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, গত এক যুগ ধরে বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারেনি। তারা কথা বলার স্বাধীনতা পায়নি। একইভাবে বাংলাদেশের মানুষ তাদের অর্থনৈতিক অধিকার থেকে অনেকটা পিছিয়ে গেছে।

দেশের কৃষকদের অর্থনৈতির বিষয়টি উল্লেখ কওে তিনি বলেন, কৃষকদের ঋণের বোঝা লাঘবে কৃষিঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর অঞ্চলের কৃষিপণ্য সংরক্ষণের জন্য প্রয়োজন অনুযায়ী হিমাগার (কোল্ড স্টোরেজ) নির্মাণের পরিকল্পনার কথা জানান তিনি। এছাড়া বন্ধ হয়ে যাওয়া চিনিকল, রেশম কারখানা ও চা শিল্প পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন বিএনপির এই নেতা।

তথ্যপ্রযুক্তি খাতে কর্মরত স্থানীয় তরুণদের জন্য ঠাকুরগাঁওয়ে আইটি পার্ক বা আইটি হাব স্থাপন করা হবে, যাতে তারা নিজ এলাকায় থেকেই কর্মসংস্থানের সুযোগ পায়। বলেন তারেক রহমান।

গ্রামে গ্রামে চিকিৎসা সেবা নিশ্চিত করার বিষয় উল্লেখ করে তারেক রহমান বলেন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গ্রামে গ্রামে ‘হেলথকেয়ার কর্মী’ নিয়োগের পরিকল্পনা রয়েছে বিএনপির। এছাড়া এলাকায় মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও ক্যাডেট কলেজ স্থাপনের জনদাবি বাস্তবায়নের আশ্বাস দেন বিএনপির চেয়ারম্যান। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা স্থানীয় বিমানবন্দরটি দ্রুত চালুর ঘোষণাও দেন তিনি।

তারেক রহমান বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে ধর্মের ভিত্তিতে কেউ বৈষম্যের শিকার হবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সব নাগরিক মেধা ও যোগ্যতার ভিত্তিতে সমান সুযোগ পাবে।

প্রসঙ্গত, আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে উত্তরের তিন জেলা- ঠাকুরগাঁও, এরপর নীলফামারী হয়ে দিনাজপুরে নির্বাচনী প্রচারণায় গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

‘জাতীয়’ : আরও খবর

» ভোট: গাড়ি রিকুইজিশন কীভাবে, ডিএমপিকে জানালো ইসি

» ৪৪তম বিসিএসে নিয়োগ পেলেন ১৪৯০ জন, বাদ পড়লেন ১৮৬

» ১৫ কর্মচারী রাষ্ট্রবিরোধী কাজের সঙ্গে যুক্ত: বন্দর কর্তৃপক্ষ

সম্প্রতি