ধানমন্ডিতে জোড়া খুন, রায় রবিবার

সংবাদ অনলাইন রিপোর্ট

রাজধানীর ধানমন্ডিতে ৭ বছর আগে আফরোজা বেগম ও তার গৃহকর্মী দিতি হত্যা মামলার রায় জানা যাবে রবিবার। ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তার এ রায় ঘোষণা করবেন। ২০১৯ সালের ১ নভেম্বর রাতে ধানমন্ডির ২৮ নম্বর (নতুন ১৫) রোডে ‘লোবেলিয়া হাউজ’ নামের একটি ভবনের পঞ্চম তলা থেকে টিমটেক্স গ্রুপের এমডি ও ক্রিয়েটিভ গ্রুপের ডিএমডি কাজী মনির উদ্দিন তারিমের শাশুড়ি আফরোজা বেগম (৬৫) এবং তার গৃহকর্মী দিতির (১৮) রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। তাদের দুইজনকেই গলা কেটে হত্যা করা হয়।

আফরোজা যে ফ্ল্যাটে থাকতেন, আর তার উল্টো দিকের ফ্ল্যাট এবং তার ঠিক ওপরে ছয়তলার ফ্ল্যাট নিয়ে ডুপ্লেক্সে বাসায় স্বামী-সন্তান নিয়ে থাকেন তার মেয়ে দিলরুবা সুলতানা রুবা। তিনিই এ ঘটনায় ৩ নভেম্বর মামলা দায়ের করেন। থানা পুলিশ, ডিবি পুলিশের হাত ঘুরে মামলার তদন্তভার পায় পিবিআই। ঘটনার প্রায় ২৭ মাস পর ২০২২ সালের ১ ফেব্রুয়ারি দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা মজিবুর রহমান।

তারা হলেন, আফরোজা বেগমের বাসার কর্মী বাচ্চু মিয়া এবং বাসাটিতে তখন সদ্য কাজে যোগ দেয়া সুরভী আক্তার নাহিদ। ইলেকট্রিশিয়ান বেলায়েত হোসেন, বাড়ির ব্যবস্থাপক গাউসুল আজম প্রিন্স, নুরুজ্জামানদের বিরুদ্ধে অভিযোগ না পাওয়ায় অব্যাহতির আবেদন করা হয়।

মামলার তদন্তে উঠে এসেছে, ঘটনার দিন বিকালে আফরোজা বেগমের বেডরুমে গিয়ে আলমারির চাবি চায় বাচ্চু। চাবি দিতে অস্বীকৃতি জানালে বাচ্চু রাগে-ক্ষোভে সুরভীর সহযোগিতায় ধারালো ছুরি দিয়ে আফরোজা বেগমকে খুন করে। আর ওই দৃশ্য দেখা ফেলায় দিতিকেও খুন (করা হয়।

বাদীপক্ষের আইনজীবী খলিলুর রহমান (আসাদ) বলেন, ‘আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। আশা করছি, সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হবে।’ মামলার বাদী দিলরুবা সুলতানা রুবার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তার ফোন বন্ধ পাওয়া যায়।

পরে বাদীপক্ষের আইনজীবী আসাদ জানান, দিলরুবা সুলতানা রুবার পরিবার চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। শনিবার, (০৭ ফেব্রুয়ারী ২০২৬) রাতে তারা ঢাকায় ফিরবেন। আজ রায় শুনতে আদালতে উপস্থিত থাকবেন। অভিযোগপত্রে তদন্তকর্তা মজিবুর রহমান বলেন, আফরোজা বেগমের স্বামী শাহ আশরাফ উল্লাহ ময়মনসিংহের পাগলা থানার মূখী গ্রামের স্বনামধন্য ব্যক্তি। এ দম্পতি স্থানীয়ভাবে সমাজ সেবক হিসেবে পরিচিত। অভিযুক্ত বাচ্চু মিয়া আফরোজা বেগমের গ্রামের বাসিন্দা। ওই দম্পতিকে অভিভাবক হিসেবে মানতেন বাচ্চুর বাবা আ. হেকিম। সেই সুবাধে বাচ্চু ওই বাসায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন।

অভিযোগপত্রে বলা হয়, ‘ঢাকায় দীর্ঘদিন বসবাসকালে কিছু বখাটে প্রকৃতির লোকের সঙ্গে পরিচয় হয় বাচ্চুর এবং তাদের সঙ্গে চলাফেরা করতো। তবে আফরোজা বেগমের পরিবারের কেউ তা জানতো না। মাঝে মাঝে বখাটে প্রকৃতির লোকদের সঙ্গে বিভিন্ন স্থানে নেশা জাতীয় মাদকদ্রব্য সেবন করতো। যার কারণে বাচ্চুর মধ্যে বিলাসী জীবন-যাপন করার মানসিকতা জন্ম নেয়। যার ফলে আফরোজা বেগমের অর্থ সম্পদের ওপর বাচ্চুর লোভ জন্মে।’

বাচ্চু নিজেকে দায়মুক্ত রাখার পরিকল্পনা করে পূর্ব পরিচিত সুরভীকে দিয়ে চাকু কেনে জানিয়ে অভিযোগপত্রে বলা হয়, তিনি কাজের লোক সাজিয়ে সুরভীকে অত্যন্ত কৌশলে ও পরিকল্পতিভাবে ওই বাসায় প্রবেশ করায়। ঘটনার দিন বিকেল ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে আফরোজা বেগমের বেডরুমে গিয়ে বাচ্চু আলমারির চাবি চায়। চাবি দিতে অস্বীকৃতি জানালে বাচ্চু রাগে-ক্ষোভে সুরভীর সহযোগিতায় ধারালো ছুরি দিয়ে আফরোজা বেগমের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাত করে। এতে রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে মারা যান আফরোজা।

এ দৃশ্য গৃহকর্মী দিতি দেখে ফেলায় সুরভী তার গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাত করে। এতে দিতিও মারা যায়। দুইজনকে হত্যার পর অর্থ ও স্বর্ণালঙ্কার লুণ্ঠন করে তারা। গ্রেপ্তারের পর সুরভী দুই দফা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। অভিযোগপত্র দাখিলের পর ২০২২ সালের ১১ অক্টোবর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ৩২ সাক্ষীর মধ্যে ২৫ জনের সাক্ষ্যগ্রহণ করে।

দিলরুবা সুলতান রুবা মামলায় অভিযোগ করেন, বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে দিলরুবা গৃহকর্মী দিতিকে তার মায়ের ফ্ল্যাটে কাজের জন্য পাঠান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিলরুবা তার মাকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। এজন্য দিলরুবা তার বাসার কাজের ছেলে রিয়াজকে মায়ের ফ্ল্যাটে পাঠান। রিয়াজ সেখানে গিয়ে কলিং বেল চাপেন এবং ডাকাডাকি করে কোনো শব্দ না পেয়ে দরজা ধাক্কা দিলে তা খোলা দেখতে পান। রিয়াজ আফরোজা বেগমকে ডাইনিং রুমের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দৌড়ে গিয়ে দিলরুবাকে জানান। দিলরুবা দৌড়ে বাসার ভেতরে প্রবেশ করে দেখতে পান, ডাইনিং রুমের মেঝেতে আফরোজা বেগম পড়ে আছেন এবং পাশের গেস্টরুমে পড়ে আছে দিতি।

‘জাতীয়’ : আরও খবর

» পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের সংঘর্ষ, ঢামেকে চিকিৎসা নিয়েছে ৬৫ জন

» বিদেশি কোম্পানির স্বার্থে তড়িঘড়ি করে শ্রম আইন সংশোধনের অভিযোগ

» টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু ২৭ দিন পর মারা গেছে

» বড় গণমাধ্যমগুলোও ‘ক্লিকবেইট’ সাংবাদিকতার মাধ্যমে ‘ভুয়া খবর’ প্রচার করছে: প্রেস সচিব

» নির্বাচন: ৫৯ শতাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

» চুক্তি বাতিলসহ ৪ দফা দাবিতে আজ থেকে ফের আন্দোলন

সম্প্রতি