ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট চলাকালে ভোটকেন্দ্রগুলোকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সম্প্রতি সবরিটার্নিং অফিসারকে দেয়া হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে। এবার সারাদেশে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। অধিকাংশই সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। ভোটগ্রহণ চলাকালে এসব ভোটকেন্দ্রগুলো ধূমপানমুক্ত রাখতে চায় ইসি। রিটানিং কর্মকর্তাদের কাছে পাঠানো ইসির চিঠিতে বলা হয়েছে, ‘আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ চলাকালে ভোটদান কেন্দ্রগুলোকে ধূমপানমুক্ত এলাকা মর্মে নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।
বর্ণিতাবস্থায়, উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’