image

রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে গেলেন মির্জা ফখরুল

সংবাদ অনলাইন রিপোর্ট

ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের প্রয়াণে জেলাজুড়ে গভীর শোকের আবহ বিরাজ করছে। রাজনৈতিক মতপার্থক্য ভুলে এই বর্ষীয়ান নেতাকে শেষবারের মতো দেখতে তার বাসভবনে ছুটে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় রমেশ চন্দ্র সেনের বাসভবনে যান মির্জা ফখরুল। সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। এ সময় তিনি কিছুক্ষণ নীরবতা পালন করে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান।

বাসভবন থেকে বের হওয়ার সময় তিনি গণমাধ্যমের সঙ্গে কোনো কথা না বললেও, এর আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় রমেশ চন্দ্র সেনের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

কারা সূত্র ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকালে দিনাজপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়েন রমেশ চন্দ্র সেন। সকালে নাস্তা শেষে তিনি ওয়াশরুমে গোসল করতে গেলে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। কারারক্ষীরা দ্রুত তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁওয়ের রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন। ১৬ আগস্ট রাতে রুহিয়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। হত্যা মামলাসহ একাধিক মামলায় তিনি দিনাজপুর জেলা কারাগারে বন্দি ছিলেন।

তার মৃত্যুতে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন ও জনকল্যাণে তার দীর্ঘ রাজনৈতিক ভূমিকার কথা স্মরণ করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

‘জাতীয়’ : আরও খবর

» ধানমন্ডিতে জোড়া খুন, রায় রবিবার

» পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের সংঘর্ষ, ঢামেকে চিকিৎসা নিয়েছে ৬৫ জন

» বিদেশি কোম্পানির স্বার্থে তড়িঘড়ি করে শ্রম আইন সংশোধনের অভিযোগ

» টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু ২৭ দিন পর মারা গেছে

সম্প্রতি