image

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ

সংবাদ অনলাইন রিপোর্ট

৪৬তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৪৫৭ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই ফল ঘোষণা করা হয়। কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারের ৩ হাজার ১৪০টি শূন্য পদের বিপরীতে এই সুপারিশ দেওয়া হয়েছে।

সুপারিশপ্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডারে ২৭২ জন, পুলিশ ক্যাডারে ৭৯ জন এবং পররাষ্ট্র ক্যাডারে ১০ জন রয়েছেন। এ ছাড়া আনসার ক্যাডারে ১৪ জন, কর ক্যাডারে ৩৭ জন এবং পরিবার পরিকল্পনা ক্যাডারে ১৪ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

কারিগরি ও পেশাদার ক্যাডারগুলোর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে (সহকারী সার্জন) উল্লেখযোগ্যসংখ্যক প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন। পাশাপাশি কৃষি ক্যাডারে বিভিন্ন বিভাগে ৬৮ জন, মৎস্য ক্যাডারে ২৬ জন এবং পশুসম্পদ ক্যাডারে ৭৩ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। অন্যান্য পদের মধ্যে সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ৩৩ জন এবং পরিসংখ্যান কর্মকর্তা পদে ৭ জনকে সুপারিশ করেছে কমিশন।

পিএসসি জানিয়েছে, বিসিএস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা–২০১৪ অনুযায়ী এই সুপারিশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা ও সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে প্রাক-নিয়োগ যাচাই শেষে সরকার চূড়ান্ত নিয়োগ দেবে। তবে এই সুপারিশ চাকরি পাওয়ার নিশ্চয়তা নয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

৪৬তম বিসিএসের বিস্তারিত ফল পিএসসির ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট bpsc.teletalk.com.bd-এ দেখা যাবে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি