image

পোস্টাল ব্যালটে ৫ লাখের বেশি প্রবাসী ভোট দিয়েছেন

দেশে ব্যালট পৌঁছেছে ৪ লাখ ২৮ হাজার ৮২৮টি, মোট ৭৬৬৮৬২ প্রবাসীকে ব্যালট পাঠিয়েছে ইসি

সংবাদ অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ৫ লাখ ৩ হাজার ৪৪১ জন প্রবাসী ভোট দিয়েছেন। এর মধ্যে ৪ লাখ ৮৪ হাজার ৭৬৫ জন ভোট দিয়ে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিসে জমা দিয়েছেন। রোববার বেলা ১১টা পর্যন্ত প্রবাস থেকে চার লাখ ২৮ হাজার ৮২৮টি পোস্টাল ব্যালট দেশে ফিরেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান।

ইসির পোস্টাল ব্যালটের অ্যাপের তথ্য অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ প্রবাসীকে পোস্টাল ব্যালট পাঠিয়েছে কমিশন। রোববার সকাল পর্যন্ত ব্যালট হাতে পেয়েছেন ৫ লাখ ২৭ হাজার ৪৫০ জন প্রবাসী।

ইসি বলছে, ‘পোস্টাল ভোটে নিবন্ধনকারী যে সব সম্মানিত ভোটাররা এখনও কিউআর কোড স্ক্যান করেননি, আগামী মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিটের (বাংলাদেশ সময়) মধ্যে আপনার খামের ওপর মুদ্রিত কিউআর কোড স্ক্যান করুন।’ এ সময়ের মধ্যে স্ক্যান না করলে ‘ব্যালট বাতিল বলে গণ্য হবে’ বলে জানিয়েছে কমিশন।

দেশে ও দেশের বাইরে থেকে ১৫ লাখ ৩৩ হাজার ভোটার এবার পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য নিবন্ধন করেছেন, যাদের অর্ধেকের বেশি প্রবাসী।

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি নিবন্ধন করেছেন। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দেয়ার সুযোগ রয়েছে।

এজন্য রোববার বেলা ১১টা পর্যন্ত দেশের ভেতরে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে কমিশন। এর মধ্যে ৪ লাখ ৪৩ হাজার ৫৪২ জন ভোটার ব্যালট সংগ্রহ করেছেন। যাদের ৩ লাখ ৮৮ হাজার ৮৯৮ জন ভোটদান শেষ করেছেন এবং তাদের মধ্যে ৩ লাখ ৪৪ হাজার ৮২৬ জন ভোটদান শেষে ডাক অফিস বা বাক্সে তাদের ব্যালট পাঠিয়েছেন।

ইসি বলছে, ব্যালট প্রাপ্তির পরপরই ভোটদান সম্পন্ন করে কাছের পোস্ট অফিসে হলুদ খাম আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে জমা দিলে সঠিক সময়ে রিটার্নিং অফিসারের নিকট পৌঁছানো সম্ভব হবে। ১২ ফেব্রুয়ারি ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাদের ব্যালট পেপার পৌঁছাবে, তাদের ব্যালট গণনা করা হবে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি