আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের শ্রমশক্তির ব্যাপক চাহিদা থাকার পরও ‘দক্ষতা প্রশিক্ষণের’ সনদ জালিয়াতি, ভুয়া সনদ ব্যবহার ও প্রতারণার কারণে দেশের সুনাম ক্ষুণ্য হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বিশ্ববাজারে দেশের সুনাম যাতে অক্ষুণ্য থাকে সেজন্য জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে (এনএসডিএ) প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
এনএসডিএ’র গভর্নিং বডির দ্বিতীয় সভা
বিদেশি চাকরিদাতারা যদি আস্থা হারিয়ে ফেলে, তাহলে দক্ষতা উন্নয়নের উদ্যোগগুলো ব্যর্থ হবে: মুহাম্মদ ইউনূস
বেসরকারি উদ্যোক্তারা যেন আরও স্বচ্ছভাবে কাজ করতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে
রোববার,(০৮ ফেব্রুয়ারী ২০২৬) ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এনএসডিএ’র গভর্নিং বডির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন বলে তার দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, ২০১৮ সালে প্রতিষ্ঠিত এনএসডিএ’র গভর্নিং বডির এটি ছিল দ্বিতীয় সভা। এর আগে ২০২২ সালে প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এনএসডিএ একটি ভালো ফ্রেমওয়ার্ক। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের শ্রমশক্তির চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর গুরুত্ব আরও বাড়বে। তিনি বলেন, ‘বিশ্ববাজারে বাংলাদেশের শ্রমশক্তির চাহিদা অনেক। কিন্তু দক্ষতা প্রশিক্ষণের সনদ জালিয়াতি ও প্রতারণার কারণে কর্মীদের সুনাম ক্ষুণœ হচ্ছে।
তিনি বলেন, ‘চাকরিদাতারা যদি আস্থা হারিয়ে ফেলে, তাহলে দক্ষতা উন্নয়নের উদ্যোগগুলো ব্যর্থ হবে।’ দেশের ব্র্যান্ড ইমেজ তৈরির ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘চাকরিদাতারা যেন বলেন যে, বাংলাদেশ থেকে যেসব কর্মী এসেছে, নিশ্চয়ই তারা ভালো করবে।’
সবধরনের প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অভিন্ন মানের সনদ ব্যবস্থা চালুর যে উদ্যোগ ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি (এনএসডি) নিয়েছে, তা সনদ জালিয়াতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের জন্য সম্ভাবনার দরজা খুলে দেয়া সরকারের দায়িত্ব। এক্ষেত্রে বেসরকারি উদ্যোক্তারা যেন আরও স্বচ্ছ ও কার্যকরভাবে কাজ করতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ ও সমন্বয়ের ওপর জোর দেন তিনি।
গভর্নিং বডির সভায় উপস্থিত ছিলেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
আন্তর্জাতিক: এপস্টিনের সঙ্গে সম্পর্ক, ক্ষমা চাইলেন চমস্কির স্ত্রী
আন্তর্জাতিক: পাকিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে আইএসের দায় স্বীকার
আন্তর্জাতিক: চীনে জৈবপ্রযুক্তি কারখানায় বিস্ফোরণে নিহত ৮
আন্তর্জাতিক: সুদানে আরএসএফের ড্রোন হামলায় ২৪ বেসামরিক নিহত