image

ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে মাঠে নামছে ২৫ হাজার পুলিশ

সংবাদ অনলাইন রিপোর্ট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ডিএমপি কমিশনার জানান, নির্বাচনকে ঘিরে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিশেষ প্রশিক্ষণ শেষে ডিএমপির ২৫ হাজার সদস্য ইতিমধ্যে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিয়েছেন। সাধারণ সময়ের চেয়ে বর্তমানে নির্বাচনের পরিবেশ অনেক বেশি চমৎকার ও শান্তিপূর্ণ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

রাজধানীর ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে কমিশনার বলেন, ঢাকা মহানগরীতে মোট ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে:

•গুরুত্বপূর্ণ কেন্দ্র: ১ হাজার ১৪টি কেন্দ্রে ৪ জন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

•ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ৩৭টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে ৭ জন করে পুলিশ সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

অতীতের নির্বাচনগুলোর বিতর্ক কাটিয়ে পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধারের ওপর গুরুত্বারোপ করেন শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন: "অতীতের নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে, সেটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এবার সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করে আমরা একটি দৃষ্টান্ত বা উদাহরণ সৃষ্টি করব।"

নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা ঝুঁকি বা থ্রেট নেই বলে আশ্বস্ত করেছেন ডিএমপি কমিশনার। তিনি জানান, ভোটাররা যাতে নির্ভয়ে এবং উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটি নিশ্চিত করাই পুলিশের প্রধান লক্ষ্য।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি