আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত প্রত্যাহার না করলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এই কঠোর বার্তা দেন।
নির্বাচন কমিশনের জারিকৃত নির্দেশনার কড়া সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, কার প্ল্যান বা কার পরিকল্পনায় কমিশন এমন কাজ করছে, তা জনগণের সামনে স্পষ্ট। নির্বাচনের ঠিক আগে এই ধরনের বিধিবিধান দিয়ে ভোট কারচুপি এবং মিডিয়াকে ব্ল্যাকআউট করার চেষ্টা করা হচ্ছে। মানুষের তথ্য অধিকার রোধ করার কোনো আইন আমরা মেনে নেব না।
তিনি কমিশনকে আলটিমেটাম দিয়ে বলেন: আজ সন্ধ্যার মধ্যে, দিনের আলো থাকতে থাকতে এই বিধিবিধান পরিবর্তন করতে হবে। অন্যথায় আগামীকাল মঙ্গলবার আমরা নির্বাচন কমিশন ঘেরাও করতে বাধ্য হব।
গত রোববার (৮ ফেব্রুয়ারি) ইসি এক নির্দেশনায় জানায়, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে প্রিসাইডিং কর্মকর্তা এবং নিরাপত্তার দায়িত্বে থাকা নির্দিষ্ট কয়েকজন সদস্য (অ্যাপ্লিকেশন ব্যবহারকারী) ছাড়া আর কেউ মোবাইল ফোন রাখতে পারবেন না। এই সিদ্ধান্তের ফলে ভোটার ও সংবাদকর্মীদের তথ্য আদান-প্রদান ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, এতদিন সব সহ্য করেছি। কিন্তু ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে, তবে ফ্যাসিস্ট আমলের নির্বাচন কমিশনের যে পরিণতি হয়েছিল, তার থেকেও ভয়াবহ পরিণতি হবে বর্তমান কমিশনের।
ইতোমধ্যে ১১ দলীয় জোটের প্রতিনিধিরা এই দাবি নিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছেন বলেও তিনি জনসভায় উল্লেখ করেন।