ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন বহন করতে পারবেন। এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফলাফল বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানা। তিনি বলেন, সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করলে এতে কোনো ধরনের সমস্যা হবে না।
এর আগে ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করে একটি নির্দেশনা জারি করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের স্বাক্ষরে রোববার (৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত চিঠি দেশের রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।
ওই নির্দেশনায় বলা হয়েছিল, ভোটকেন্দ্রের ভেতরে কেবল তিন শ্রেণির কর্মকর্তা মোবাইল ফোন বহন করতে পারবেন। তারা হলেন, সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা, কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা এবং ‘ইলেকশন সিকিউরিটি ২০২৬’ অ্যাপ ব্যবহারের জন্য দায়িত্বপ্রাপ্ত দুইজন আনসার সদস্য।
চিঠির মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক এবং ঢাকা, চট্টগ্রাম ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাসহ মোট ৬৯ জন রিটার্নিং কর্মকর্তাকে এই নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। এই নিষেধাজ্ঞার ফলে ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রের আশপাশে প্রার্থী ও সাংবাদিকদের মোবাইল ফোন বহন ও ব্যবহার বন্ধ হওয়ায় সাংবাদিক সমাজে উদ্বেগ তৈরি হয়।
এর পরিপ্রেক্ষিতে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) সোমবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে সাংবাদিকদের জন্য মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞার প্রতিবাদ জানায়।
আরএফইডির সভাপতি কাজী জেবেল বলেন, এ ধরনের সিদ্ধান্ত নির্বাচনের স্বচ্ছতা ও গণমাধ্যমের স্বাধীনতার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। তিনি জানান, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে মোবাইল ফোন একটি অপরিহার্য উপকরণ। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন সাংবাদিকদের বিষয়ে এই নিষেধাজ্ঞা শিথিল করার আশ্বাস দিয়েছে এবং বিষয়টি শিগগিরই প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
অর্থ-বাণিজ্য: সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি
বিজ্ঞান ও প্রযুক্তি: বাজারে নতুন স্মার্টফোন হেলিও ৯৫
বিজ্ঞান ও প্রযুক্তি: রেনো১৫ সিরিজ ফাইভজি ও পাঠশালার আয়োজনে স্মার্টফোন ফটোগ্রাফি প্রতিযোগিতা