image

নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

সংবাদ অনলাইন রিপোর্ট

ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলামের প্রার্থিতার বৈধতা নিয়ে রিট হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেছেন একই আসনের জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী শামিম আহমেদ। রিটে সিইসি, সচিব, রিটার্নিং অফিসার ও নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে।

রিটের বিষয়টি নিশ্চিত করেছেন শামিম আহমেদের আইনজীবী মোহাম্মদ মজনু মোল্যা। রিট আবেদনে বলা হয়েছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হলফনামায় তথ্য গোপন করেছেন। তিনি ২০২৫ সালের ২০ এপ্রিল ক্যারিবিয়ান দেশ কমনওয়েলথ অব ডমিনিকার নাগরিকত্ব নিয়েছেন। দ্বৈত নাগরিকত্ব থাকায় তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য।

রিটকারীর আইনজীবী মোহাম্মদ মঞ্জু মোল্লা বলেন, সংবিধানের ৬৬(২)(গ) অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে তিনি সংসদ সদস্য হওয়ার অযোগ্য বলে বিবেচিত হবেন। তিনি জানান, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হবে। হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

প্রসঙ্গত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ এবং ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১১ আসন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন। নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ৩ জন ভোটার রয়েছেন। প্রার্থীরা হলেন, বিএনপির এম এ কাইয়ুম, এনসিপির মো. নাহিদ ইসলাম, স্বতন্ত্র কহিনূর আক্তার বীথি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ, গণফোরামের মো. আবদুল কাদের, গণঅধিকার পরিষদের মো. আরিফুর রহমান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. জাকির হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির মো. মিজানুর রহমান , জাতীয় পার্টির শামীম আহমেদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি