দ্বাদশ সাংসদের মতো এবারও পোস্টাল ব্যালটের মাধ্যমে পাবনা-৫ আসনে (সদর) ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার, (০৯ ফেব্রুয়ারী ২০২৬) বঙ্গভবনে তিনি এ ভোট দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপ্রধানের সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন।
আগের নির্বাচনে নিজের নির্বাচনী এলাকা পাবনায় না যাওয়ার ব্যাখ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছিলেন, ‘আমি যদি বঙ্গভবন থেকে বের হয়ে ওখানে যাই, তাহলে ভোটের দিন আমার ভোটকেন্দ্রটিসহ পুরো পাবনা জেলাতেই একটা প্রভাব পড়বে আমার নিরাপত্তার কারণে। সাধারণ মানুষ ভোটকেন্দ্রে যেতে হয়তোবা একটু বিড়ম্বিত হবে, একটু বাধার সম্মুখীন হবে। হয়তো কিছুক্ষণের জন্য। আমার সচেতন বুদ্ধি বলে, এই ক্ষেত্রে আমার এলাকায় গিয়ে ভোট দেয়া, সাধারণ ভোটারদের বিঘিœত করা আমার উচিৎ হবে না।’
দ্বাদশ সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে যে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি, তার পদ্ধতি ছিল প্রথাগত। এবারই নির্বাচন কমিশন আইটি সাপোর্টেড পোস্টাল ভোটের পদ্ধতি চালু করেছে। এক্ষেত্রে অনলাইনে নিবন্ধন সেরে পোস্টাল ব্যালটে ভোট দেয়ার সুযোগ মিলছে।
নতুন পদ্ধতিতে ইতোমধ্যে কারাগার থেকে ভোট দিয়েছেন বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপি, আমলা, পুলিশ, সাংবাদিকসহ ২০ জন। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন গতকাল রোববার বলেছিলেন, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, আমলা ও সাংবাদিকদের মধ্যে ৪০ জন ভোট দিতে নিবন্ধন করেছিলেন। এই ৪০ জনের মধ্যে ২০ জন এখন ভোট দিতে অস্বীকৃতি জানাচ্ছেন। বাকিরা নিয়ম অনুযায়ী ভোট দিয়েছেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ৫ লাখ প্রবাসী পোস্টাল ব্যালটে ভোট দিয়েছে, যার মধ্যে চার লাখ ৬০ হাজার ব্যালট ডাকযোগে দেশে পৌঁছেছে। ইসির ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সোমবার সকাল ১০টা পর্যন্ত চার লাখ ৬০ হাজার ৪৮০টি পোস্টাল ব্যালট ফিরেছে।
পোস্টাল ব্যালটের অ্যাপের তথ্য বলছে, ইতোমধ্যে ৫ লাখ ৭ হাজার ৭৫ জন প্রবাসী ভোট দিয়েছেন। তার মধ্যে ৪ লাখ ৯১ হাজার ৬৮২ জন ভোট দিয়ে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ প্রবাসীকে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন। সোমবার সকাল পর্যন্ত ব্যালট হাতে পেয়েছেন ৫ লাখ ২৭ হাজার ৮২৪ জন প্রবাসী।
নির্বাচন কমিশন বলছে, ‘পোস্টাল ভোটে নিবন্ধনকারী যেসব সম্মানিত ভোটারগণ এখনও কিউআর কোড স্ক্যান করেননি, মঙ্গলবার (আজ) রাত ১১টা ৫৯ মিনিটের (বাংলাদেশ সময়) মধ্যে আপনার খামের ওপর মুদ্রিত কিউআর কোড স্ক্যান করুন।’
এ সময়ের মধ্যে স্ক্যান না করলে ‘ব্যালট বাতিল বলে গণ্য হবে’ বলে জানিয়েছে কমিশন। দেশে ও দেশের বাইরে থেকে ১৫ লাখ ৩৩ হাজার ভোটার এবার পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য নিবন্ধন করেছেন, যাদের অর্ধেকের বেশি প্রবাসী।
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি নিবন্ধন করেছেন।
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দেয়ার সুযোগ রয়েছে। এজন্য সোমবার সকাল ১০টা পর্যন্ত দেশের ভেতরে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে কমিশন। এর মধ্যে ৫ লাখ ২৮ হাজার ১৫৬ জন ভোটার ব্যালট সংগ্রহ করেছেন। যাদের ৪ লাখ ৭৩ হাজার ১৪৪ জন ভোটদান শেষ করেছেন এবং তাদের মধ্যে ৪ লাখ ২৯ হাজার ৮৮২ জন ভোটদান শেষে ডাক অফিস বা বাক্সে তাদের ব্যালট পাঠিয়েছেন।
কমিশন বলছে, ব্যালট প্রাপ্তির পরপরই ভোটদান সম্পন্ন করে কাছের পোস্ট অফিসে হলুদ খাম সর্বশেষ মঙ্গলবারের (আজ) মধ্যে জমা দিলে সঠিক সময়ে রিটার্নিং অফিসারের নিকট পৌঁছানো সম্ভব হবে। ১২ ফেব্রুয়ারি ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাদের ব্যালট পেপার পৌঁছাবে, তাদের ব্যালট গণনা করা হবে।