image
ছবি: এআই

ভোটের প্রচারণা

মাঠে শেষ, এখন সামাজিক মাধ্যমে ঝড়

সংবাদ অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাঠের প্রচারণা শেষ হলেও থামেনি রাজনৈতিক তৎপরতা। বরং পোস্টার–ব্যানার নামিয়ে রাখার পরই নির্বাচনী লড়াই আরও তীব্র হয়েছে ফেসবুক, টিকটক ও ইউটিউবের পর্দায়। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে সব ধরনের সভা–সমাবেশ নিষিদ্ধ হলেও সামাজিক মাধ্যমে প্রচারণা কার্যত নিয়ন্ত্রণের বাইরে, এমন চিত্রই ফুটে উঠেছে দেশের বিভিন্ন আসনে।

মাঠপর্যায়ের তথ্য ও ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওএসআইএনটি) বিশ্লেষণে দেখা যাচ্ছে, এবারের নির্বাচনে প্রচলিত প্রচারণা কৌশলের সঙ্গে যুক্ত হয়েছে এক নতুন বাস্তবতা। তরুণ ও প্রবাসী ভোটাররা ঝুঁকছেন অনলাইনের দিকে, আর বয়স্ক ভোটাররা এখনো লিফলেট, ব্যানার ও সরাসরি যোগাযোগের ওপর নির্ভরশীল। এই বিভাজনই ধীরে ধীরে বদলে দিচ্ছে নির্বাচনী রাজনীতির ভাষা ও কৌশল।

বিশেষ করে উত্তরাঞ্চলের কয়েকটি আসনে সামাজিক মাধ্যম হয়ে উঠেছে ভোটের বড় ময়দান। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল নিয়মিত ভিডিও, লাইভ, রিলস ও পোস্টের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরছে। বিশ্লেষণে দেখা যায়, অধিকাংশ আসনেই সোশ্যাল মিডিয়ায় রিচ ও ভিউয়ের দিক থেকে এগিয়ে বিএনপি, যদিও অনেক ক্ষেত্রে জামায়াতের কনটেন্টকে তুলনামূলকভাবে বেশি ‘অরগানিক’ বলছেন ভোটাররা।

তরুণ ভোটাররা অনলাইনে, বয়স্করা লিফলেটে

ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সামাজিক মাধ্যমে প্রচারণার ফলে একদিকে যেমন প্রার্থীদের প্রতিশ্রুতি, বক্তব্য ও অতীত কর্মকাণ্ড সহজেই জানা যাচ্ছে, অন্যদিকে ভুয়া তথ্য, অতিরঞ্জিত প্রচারণা ও বিভ্রান্তির ঝুঁকিও বাড়ছে। তরুণ ভোটাররা বিষয়টি গ্রহণ করছেন তথ্যের নতুন উৎস হিসেবে, আর বয়স্কদের একটি বড় অংশ এখনো অনলাইনের এই প্রচারণার সঙ্গে পুরোপুরি অভ্যস্ত নন।

ওএসআইএনটি বিশ্লেষণে দেখা গেছে, কয়েকটি আসনে মাসিক গড় রিচ লাখ ছাড়িয়েছে, ভিডিও ভিউ পৌঁছেছে কয়েক লাখে। বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি নির্বাচন নয়, বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ডিজিটাল প্রচারণার শক্ত অবস্থান তৈরি হওয়ার স্পষ্ট ইঙ্গিত।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতের নির্বাচনে মাঠের চেয়ে অনলাইনে উপস্থিতি ও কনটেন্ট কৌশল অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে একই সঙ্গে তারা সতর্ক করছেন, নির্বাচনী আচরণবিধি, তথ্যের স্বচ্ছতা এবং ভুয়া প্রচারণা নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা না থাকলে এই ডিজিটাল প্রচারণাই হয়ে উঠতে পারে নতুন সংকটের উৎস।

মাঠে প্রচারণা শেষ হলেও তাই ভোটের লড়াই থামেনি। ব্যালট বাক্সের আগে এখন সিদ্ধান্তের বড় অংশ গড়ে উঠছে মোবাইল স্ক্রিন আর সোশ্যাল মিডিয়ার নিউজফিডে, যেখানে এক ক্লিকেই বদলে যেতে পারে ভোটের সমীকরণ।

‘জাতীয়’ : আরও খবর

» সাবেক এমপি তুহিনের মুখ চেপে ধরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বাধা পুলিশের

» বকেয়া না পেলে ‘বন্ধ বিদ্যুৎ উৎপাদন’, রোজায় ‘ব্যাপক’ লোডশেডিংয়ের শঙ্কা বিদ্যুৎকেন্দ্রের মালিকদের

» অপরাধ ট্রাইব্যুনাল: সাক্ষ্যে র‌্যাব ও ডিজিএফআইয়ের বিলুপ্তির দাবি ইকবাল করিম ভূঁইয়ার

সম্প্রতি