৩ কোটি টাকা ফেরত দেওয়ার ঘোষণা
গত বছরের ধারাবাহিকতায় চলতি বছরেও সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
মঙ্গলবার সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি সরকারের এই কঠোর অবস্থানের কথা জানান।
উপদেষ্টা বলেন, হজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রাষ্ট্রীয় অর্থে হজের কোনো সুযোগ এবারও থাকছে না।
ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা হজযাত্রীদের জন্য আরও একটি ইতিবাচক খবর দেন। তিনি জানান, ২০২৬ সালের হজ শেষে প্যাকেজ-১ ও প্যাকেজ-২ এর হজযাত্রীদের তিন কোটি টাকারও বেশি অর্থ ফেরত দেওয়া সম্ভব হবে।
গত দেড় বছরে অত্যন্ত সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন উল্লেখ করে তিনি বলেন, জুলাই বিপ্লবের পর হজ ব্যবস্থাপনায় একটি গুণগত ও ইতিবাচক পরিবর্তন এসেছে যা সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করছে।
বিমান ভাড়া কমানোর বিষয়ে উপদেষ্টা জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে নিবিড় আলোচনার মাধ্যমে ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে বিমান ভাড়া উল্লেখযোগ্য হারে হ্রাস করা হয়েছে।
গত দুই বছরে পর্যায়ক্রমে প্রায় ৪০ হাজার টাকা ভাড়া কমানোকে একটি বড় সাফল্য হিসেবে বর্ণনা করেন তিনি। প্রসঙ্গত, ২০২৪ সালে যেখানে বিমান ভাড়া ছিল ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা, ২০২৬ সালে তা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকায়।
হজ প্যাকেজের সুবিধা নিয়ে ড. খালিদ হোসেন বলেন, এবার নির্দিষ্ট আয়ের মানুষের কথা মাথায় রেখে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকার একটি সাশ্রয়ী প্যাকেজ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি হজ প্যাকেজ-৩ এর হজযাত্রীদের জন্য মক্কায় আবাসনের ব্যবস্থা করা হয়েছে হারাম শরীফ থেকে মাত্র দেড় কিলোমিটারের মধ্যে, যা আগে ছিল ৬ থেকে ৮ কিলোমিটার দূরে। এর ফলে হাজিদের যাতায়াতের বিড়ম্বনা যেমন কমবে, তেমনি তারা পাঁচ ওয়াক্ত নামাজ সহজে হারাম শরীফে আদায় করতে পারবেন।
এ ছাড়া আধুনিক প্রযুক্তি নির্ভর ‘লাব্বাইক’ মোবাইল অ্যাপ, রোমিং সুবিধা এবং প্রি-পেইড কার্ড চালুর মাধ্যমে হজ ব্যবস্থাকে আরও আধুনিক করা হয়েছে বলে জানান উপদেষ্টা। একইসঙ্গে সৌদি আরবের একটি মেডিকেল কোম্পানির সঙ্গে সফল আলোচনার পরিপ্রেক্ষিতে এবার সব বাংলাদেশী হাজি বিনামূল্যে বিশেষ স্বাস্থ্যসেবা পাবেন বলেও তিনি সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের শূন্যপদ পূরণ ও পদোন্নতির বিষয়েও উপদেষ্টা তার বক্তব্যে আলোকপাত করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি: মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে রবি সিইওর সৌজন্য সাক্ষাৎ
বিজ্ঞান ও প্রযুক্তি: হাই-ভ্যালু লয়্যালটি পোর্টফোলিও চালু করল বাংলালিংক
নগর-মহানগর: ঢাকার রাস্তা ফাঁকা; বিপাকে কর্মজীবীরা
নগর-মহানগর: নির্বাচনের আগে ও পরে কঠোর অবস্থানে থাকবে র্যাব