image

পৌঁছেছে সোয়া সাত লাখ পোস্টাল ব্যালট, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সময়

সংবাদ অনলাইন রিপোর্ট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের অংশ হিসেবে দেশ ও দেশের বাইরে থেকে পাঠানো ৭ লাখ ৩০ হাজারের বেশি পোস্টাল ব্যালট বা ডাকযোগের ভোট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে।

মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে পাঠানো এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

কমিশনের তথ্য অনুযায়ী, নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বিশ্বজুড়ে বিভিন্ন দেশে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপার পাঠানো হয়েছিলো। এর মধ্যে এখন পর্যন্ত ৪ লাখ ৭১ হাজার ৯৫৭ জন প্রবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করে ব্যালট দেশে পাঠিয়েছেন। তবে এর মধ্য থেকে এখন পর্যন্ত ৪ লাখ ১৯ হাজার ৯১৮টি ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে গিয়েছে এবং অবশিষ্ট ব্যালটগুলো বর্তমানে ডাকবিভাগের প্রক্রিয়ায় রয়েছে।

অন্যদিকে, দেশের অভ্যন্তরে যারা সরাসরি ভোটকেন্দ্রে উপস্থিত হতে অক্ষম কিংবা সরকারি চাকরিতে নিয়োজিত এবং কারাবন্দি ভোটারদের সুবিধার্থে মোট ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি পোস্টাল ব্যালট ইস্যু করা হয়েছিলো।

কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, তাদের মধ্যে ৩ লাখ ১০ হাজার ১৫৪ জন ভোটার তাদের ব্যালট পূরণ করে নির্ধারিত পদ্ধতিতে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, বর্তমানে মাঠ পর্যায়ে ব্যালট সংগ্রহের এই প্রক্রিয়া পুরোদমে চলমান রয়েছে।

ইসি সচিবালয় আরও উল্লেখ করেছে, পোস্টাল ব্যালট গ্রহণের জন্য একটি সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যেসব ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছাবে, শুধুমাত্র সেই ভোটগুলোই চূড়ান্ত গণনায় অন্তর্ভুক্ত করা হবে। নির্ধারিত সময়ের পর কোনো ব্যালট এসে পৌঁছালে তা বাতিল বলে গণ্য হবে। এরপরই শুরু হবে সব পোস্টাল ব্যালটের সমন্বয়ে চূড়ান্ত ভোট গণনা ও ফলাফল প্রকাশের কার্যক্রম।

‘জাতীয়’ : আরও খবর

» সাবেক এমপি তুহিনের মুখ চেপে ধরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বাধা পুলিশের

» বকেয়া না পেলে ‘বন্ধ বিদ্যুৎ উৎপাদন’, রোজায় ‘ব্যাপক’ লোডশেডিংয়ের শঙ্কা বিদ্যুৎকেন্দ্রের মালিকদের

সম্প্রতি