image

নির্বাচনী সহিংসতা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি: মানবাধিকার কমিশন

সংবাদ অনলাইন রিপোর্ট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে চলমান সংঘাত ও প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন।

মঙ্গলবার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগের কথা জানানো হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক সংঘাত ও প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। কমিশন মনে করে, এ ধরনের বিচ্ছিন্ন সংঘাত জননিরাপত্তা ও মানবাধিকারের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে, যা সাধারণ মানুষের ভোটাধিকার এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বড় হুমকি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পূর্বশর্ত হলো সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা। গণতান্ত্রিক রাষ্ট্রে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়া নাগরিকের মৌলিক অধিকার। কোনোভাবেই পেশিশক্তি বা সংঘাতের মাধ্যমে জনগণের এই অধিকার হরণ করার সুযোগ নেই।

নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হলে নাগরিকদের মৌলিক অধিকার হুমকির মুখে পড়বে বলেও কমিশন সতর্ক করেছে। সব ধরনের সংঘাত নিরসনে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভোটাররা যাতে কোনো ভয়ভীতি ছাড়া নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেদিকে বিশেষ নজর দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। একইসঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত থাকার এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে রাজনৈতিক দল, প্রার্থী এবং কর্মীদের পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা বজায় রাখা জরুরি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মানবাধিকার সুরক্ষায় সব পক্ষকে আরও বেশি দায়িত্বশীল ও সংযত আচরণ করার আহ্বান জানিয়েছে কমিশন।

‘জাতীয়’ : আরও খবর

» সাবেক এমপি তুহিনের মুখ চেপে ধরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বাধা পুলিশের

» বকেয়া না পেলে ‘বন্ধ বিদ্যুৎ উৎপাদন’, রোজায় ‘ব্যাপক’ লোডশেডিংয়ের শঙ্কা বিদ্যুৎকেন্দ্রের মালিকদের

সম্প্রতি