ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানিয়েছেন, জাতীয় নির্বাচনের পর নির্বাচিত সরকার দায়িত্ব নিলেই তিনি পদত্যাগ করবেন। তবে প্রশাসনিক শূন্যতা এড়াতে আপাতত তিনি দায়িত্ব পালন চালিয়ে যাবেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
কেন এই ঘোষণা?
অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, নতুন সরকার যাতে তাদের পরিকল্পনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন সাজাতে পারে, সেজন্যই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও জানান, নির্বাচনের পরপরই হঠাৎ পদত্যাগ করলে ভুল বার্তা যেতে পারে, তাই আগেই অবস্থান পরিষ্কার করলেন। নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়ায় তিনি পূর্ণ সহযোগিতা করবেন। কোনো রাজনৈতিক চাপে নয় বরং ‘রাজনৈতিক শিষ্টাচার’ থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ২৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি জানান, দায়িত্ব পালনের পর এখন তিনি পুনরায় শিক্ষকতায় ফিরে যেতে চান।