আর মাত্র একদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, এবার প্রথমবারের মত একই সাথে হতে যাচ্ছে গণভোটও। এ নিয়ে সাধারণের মনে প্রশ্নের শেষ নেই। অনেকে আবার এবারই হয়েছেন প্রথম ভোটার। তাদেরও ভোট দেয়ার পদ্ধতি নিয়ে রয়েছে নানা প্রশ্ন।
প্রতিবেদনটি ধাপে ধাপে এই পদ্ধতি আলোচনা করা হয়েছে-
ভোট কেন্দ্রে প্রবেশ
ভোটের দিন নির্দিষ্ট ভোটকেন্দ্রে গিয়ে ভোটার ক্রমিক নম্বর এবং আপনি কোন কক্ষে ভোট দেবেন তা জেনে নিতে হবে। তারপর নারী ও পুরুষ ভোটারদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা থাকবে, সেখানে দাঁড়াতে হবে। যদি কক্ষ খুঁজে পেতে সমস্যা হয়, তবে সেখানে দায়িত্বরত আনসার সদস্যরা আপনাকে সাহায্য করবেন।
পরিচয় যাচাইকরণ
আপনার নির্ধারিত ভোটকক্ষে প্রবেশের পর প্রথমেই ১নং পোলিং অফিসারের কাছে যেতে হবে। তিনি আপনার নাম ও ভোটার নম্বর জিজ্ঞাসা করবেন এবং ভোটার তালিকায় থাকা ছবির সঙ্গে আপনার চেহারা মিলিয়ে দেখবেন। নিশ্চিত হওয়ার পর তিনি আপনার নাম ও ক্রমিক নম্বর জোরে উচ্চারণ করবেন, যাতে পোলিং এজেন্টরা শুনতে পান।
এরপর ২য় পোলিং অফিসার আপনার আঙুলে অমোচনীয় কালি লাগিয়ে দেবেন।
ব্যালট পেপার সংগ্রহ
কালি লাগানোর পর আপনাকে সহকারী প্রিসাইডিং অফিসারের কাছে যেতে হবে। সেখানে ভোটার তালিকায় স্বাক্ষর বা টিপসই দিয়ে আপনাকে দুটি ব্যালট পেপার সংগ্রহ করতে হবে। গোলাপি ব্যালট পেপারটি গণভোটের জন্য আর সাদা-কালো ব্যালটটি সংসদ সদস্য নির্বাচনের জন্য।
ব্যালট পেপারের সঙ্গে সিল মারার জন্য আপনাকে একটি রাবার স্ট্যাম্পও দেওয়া হবে।
গোপন কক্ষে ভোট প্রদান
ব্যালট ও স্ট্যাম্প নিয়ে আপনাকে গোপন কক্ষে যেতে হবে। সময় বাঁচানোর জন্য অনেক কেন্দ্রে একাধিক গোপন কক্ষ থাকতে পারে।
গণভোটের জন্য গোলাপি রঙের ব্যালট পেপারে ‘হ্যাঁ’ এবং ‘না’—এই দুটি ঘর থাকবে। আপনি যদি সংস্কার বা পরিবর্তন চান, তবে ‘হ্যাঁ’ ঘরে সিল দিন। আর যদি সংস্কার না চান, তবে ‘না’ ঘরে সিল দিন। মনে রাখবেন, ‘হ্যাঁ’ দিলে সব সংস্কার প্রস্তাব গৃহীত হবে বলে গণ্য হবে। সিল দেওয়ার পর ব্যালটটি প্রথমে লম্বালম্বি এবং পরে আড়াআড়ি ভাঁজ করুন, যাতে কালি ছড়িয়ে না যায়।
ভোট সম্পন্নকরণ
গোপন কক্ষ থেকে বের হয়ে রাবার স্ট্যাম্পটি সহকারী প্রিজাইডিং অফিসারকে ফেরত দিন। এরপর আপনার হাতে থাকা ভাঁজ করা দুটি ব্যালট পেপারই সামনে রাখা একই ব্যালট বাক্সে ফেলুন।
এভাবেই একই সময়ে, একই লাইনে দাঁড়িয়ে আপনি একদিনেই দুটি ভোট সম্পন্ন হয়ে যাবে।