সংসদ নির্বাচন ও গণভোটে পাঁচ লাখ ১২ হাজার প্রবাসী পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন, যার মধ্যে পৌনে পাঁচ লাখ ব্যালট ডাকযোগে দেশে পৌঁছেছে। পোস্টাল ব্যালটের অ্যাপের তথ্য বলছে, ইতোমধ্যে পাঁচ লাখ ১২ হাজার ৯১৬ জন প্রবাসী ভোট দিয়েছেন। তার মধ্যে পাঁচ লাখ দুই হাজার ৪৮৭ জন ভোট দিয়ে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। ইসির ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, ‘মঙ্গলবার,(১০ ফেব্রুয়ারী ২০২৬) বেলা ১০টা পর্যন্ত চার লাখ ৭১ হাজার ৯৫৭টি পোস্টাল ব্যালট তাদের হাতে পৌঁছেছে।’
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে মোট সাত লাখ ৬৬ হাজার ৮৬২ প্রবাসীকে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকাল পর্যন্ত ব্যালট হাতে পেয়েছেন পাঁচ লাখ ২৮ হাজার ২৩৩ জন প্রবাসী।
নির্বাচন কমিশন বলছে, ‘পোস্টাল ভোটে নিবন্ধনকারী যে সকল সম্মানিত ভোটারগণ এখনও কিউআর কোড স্ক্যান করেননি, মঙ্গলবার (গতকাল) রাত ১১টা ৫৯ মিনিটের (বাংলাদেশ সময়) মধ্যে আপনার খামের উপর মুদ্রিত কিউআর কোড স্ক্যান করুন।’
এ সময়ের মধ্যে স্ক্যান না করলে ‘ব্যালট বাতিল বলে গণ্য হবে’ বলে জানিয়েছে কমিশন। দেশে ও দেশের বাইরে থেকে ১৫ লাখ ৩৩ হাজার ভোটার এবার পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য নিবন্ধন করেছেন, যাদের অর্ধেকের বেশি প্রবাসী। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি নিবন্ধন করেছেন।
মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত দেশের ভেতরে সাত লাখ ৬০ হাজার ৮৯৮ জন ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে কমিশন। এর মধ্যে পাঁচ লাখ ৮০ হাজার ৮৪১ জন ভোটার ব্যালট সংগ্রহ করেছেন। পাঁচ লাখ ৩৪ হাজার ৩৭৬ জন ভোটদান শেষ করেছেন এবং তাদের মধ্যে পাঁচ লাখ ৪০৮ জন ভোটদান শেষে ডাক অফিস বা বাক্সে তাদের ব্যালট পাঠিয়েছেন।
কমিশন বলছে, ব্যালট প্রাপ্তির পরপরই ভোটদান সম্পন্ন করে কাছের পোস্ট অফিসে হলুদ খাম সর্বশেষ মঙ্গলবারের (গতকাল) মধ্যে জমা দিলে সঠিক সময়ে রিটার্নিং অফিসারের নিকট পৌঁছানো সম্ভব হবে।
১২ ফেব্রুয়ারি ভোটের দিন বিকালে সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাদের ব্যালট পেপার পৌঁছাবে, কেবল তাদের ব্যালটই গণনা করা হবে।