আগামীকাল (১২ ফেব্রুয়ারী) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা হচ্ছে রাজধানী। সাধারণ নিরাপত্তার পাশাপাশি রাজপথে নামানো হচ্ছে সোয়াট ও কে-নাইন ইউনিটের মতো পুলিশের বিশেষায়িত সব দল। এমনটাই জানিয়েছে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) মিন্টো রোডে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে তালেবুর রহমান জানান, ঢাকায় ডিএমপির ২৬ হাজার ৫১৫ জন সদস্য নির্বাচনের বিভিন্ন দায়িত্বে মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্রের ভেতরের নিরাপত্তা ছাড়াও বাইরে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও রিজার্ভ ফোর্স মোতায়েন থাকছে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের বিশেষায়িত বোম্ব ডিজপোজাল ইউনিট, সোয়াট, কে-৯ ইউনিট ও ক্রাইম সিন ভ্যান মাঠে থাকবে।
চেকপোস্ট ও টহল কার্যক্রমের বিষয়টি উল্লেখ করে তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া নির্বাচন উপলক্ষ্যে ঢাকায় চেকপোস্ট ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
“কোনো সুনির্দিষ্ট হুমকি বা ঝুঁকির আশঙ্কা রয়েছে কি না” এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কোনো হুমকি বা ঝুঁকির আশঙ্কা করছি না। তবে আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে এবং পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।’
প্রসঙ্গত, আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।