image

কোন উপদেষ্টা কোন কেন্দ্রের ভোটার

সংবাদ অনলাইন রিপোর্ট

অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার এই নির্বাচনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোন কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল রয়েছে।

বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অধিকাংশ উপদেষ্টাই রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোট দেবেন, তবে কেউ কেউ ঢাকার বাইরেও যাবেন।

সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আগামীকাল দুপুর ১২টায় গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দেবেন বলে নিশ্চিত হওয়া গেছে।

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

অন্যদিকে, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার একই এলাকার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

রাজধানীর মিরপুর এলাকায় ভোট দেবেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি মিরপুর-১২ নম্বরের ই-ব্লকের একটি নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হবেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার শ্যামলী শিশুমেলার নিকটবর্তী একটি কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে।

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন ভোট দেবেন মহাখালী ডিওএসএইচ এলাকার একটি কেন্দ্রে।

উত্তরা এলাকায় ভোটাধিকার প্রয়োগ করবেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার; তার ভোটকেন্দ্র উত্তরা ১০ নম্বর সেক্টর প্রাথমিক বিদ্যালয়।

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গুলশান-২ এর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ধানমন্ডির একটি কেন্দ্রে ভোট দেবেন।

এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম চট্টগ্রামের মেহেদীবাগের একটি কেন্দ্রে ভোট দেবেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

তবে ব্যতিক্রম ঘটতে পারে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. খালিদ হোসেনের ক্ষেত্রে। চট্টগ্রামের ভোটার হলেও জরুরি দাপ্তরিক কাজের ব্যস্ততার কারণে তিনি এবার ভোট দিতে চট্টগ্রামে যেতে না-ও পারেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। সচিবালয় সূত্রে জানা গেছে, নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক কার্যক্রম তদারকির প্রয়োজনে অধিকাংশ উপদেষ্টা রাজধানীতেই অবস্থান করবেন।

উল্লেখ্য, আগামীকাল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি সংসদীয় আসনে একযোগে স্বচ্ছ ব্যালট বাক্সে এই নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

‘জাতীয়’ : আরও খবর

সম্প্রতি