‘ভোট কিনতে টাকা ছাড়নো, অপতথ্য ছড়িয়ে ভোটারদের বিভ্রান্ত করা, ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-সহ নানা অভিযোগের মধ্যে বৃহস্পতিবার সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। বড় দুই দল বিএনপি ও জামায়াতে ইসলামী একে অপরের বিরুদ্ধে এসব অভিযোগ তুলেছে। এছাড়া নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য দলের পক্ষ থেকে এবং স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকেও বড় দলের প্রার্থীদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এসেছে।
ভোট ‘কিনতে টাকা ছড়াচ্ছে’ জামায়াত: অভিযোগ বিএনপির
ভোটারদের ‘বিভ্রান্ত করতে অপতথ্য ছাড়াচ্ছে’ বিএনপি : অভিযোগ জামায়াতের
একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট এবারই প্রথম
মোট প্রার্থী ২০২৮ জন- দলীয় ১৭৫৫, স্বতন্ত্র ২৭৩
পুরুষ প্রার্থী ১৯৪৫ জন- দলীয় ১৬৯২, স্বতন্ত্র ২৫৩
প্রবাসীরাও এবারই প্রথম ভোটে অংশ নিচ্ছেন
নারী প্রার্থী ৮৩ জন——- দলীয় ৬৩, স্বতন্ত্র ২০
ভোটার পৌনে ১৩ কোটি, ভোটকেন্দ্র প্রায় ৪৩ হাজার, ভোট কক্ষ আড়াই লাখ।
মাঠে সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন ৯ লাখ।
অর্ধেক ভোটকেন্দ্রই ঝুকিপূর্ণ
সিসি ক্যামেরা আছে ‘৯০ শতাংশ কেন্দ্রে’
৯৭০০ সংবাদকর্মীর নিবন্ধন, বিদেশী ১৫৬ জন
দেশী পর্যবেক্ষক ৫৫৪৫৪ জন, বিদেশী ৪৯০ জন
তফসিল ঘোষণার পরবর্তী ৩৬ দিনে ১৫ জন রাজনৈতিক নেতা ও কর্মী নিহত: টিআইবির প্রতিবেদন
এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোট হচ্ছে। একই দিনে দুই ভোট দিতে প্রত্যেক ভোটার পাচ্ছেন ভিন্ন রঙের দুটি ব্যালট পেপার। জনপ্রতিনিধি (সংসদ সদস্য) নির্বাচনের ব্যালট হবে সাদা, যাতে সংশ্লিষ্ট আসনের প্রার্থীদের নাম ও প্রতীক থাকবে। আর জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোটের ব্যালট হবে গোলাপি রঙের, তাতে থাকবে ‘হ্যাঁ ও ‘না’।
এর আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনামলে দেশে দুইটি গণভোট অনুষ্ঠিত হলেও সেগুলো জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হয়নি। ফলে গণভোটের দিন একটি ব্যালটেই হ্যাঁ/না ভোট দিয়েছেন ভোটাররা। তবে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচনে একাধিক ব্যালটে একাধিক ভোট দেওয়ার অভিজ্ঞতা ভোটারদের রয়েছে।
আজ দেশের তিনশ’টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে সংসদ নির্বাচন ও গণভোট ভোট হবে। সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ। শেরপুর-৩ আসনে সম্প্রতি জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থী মারা যাওয়ায় সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছে। ওই আসনে পরে নির্বাচন অনুষ্ঠিত হবে।
চব্বিশের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছরের মাথায় অনুষ্ঠ্যেয় এই নির্বাচনে নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৫০টি দল অংশ নিচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ থাকায় নির্বাচনে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ। এছাড়া ৮টি দল এই নির্বাচনে প্রার্থী দেয়নি।
নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী অংশগ্রহণ করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন মোট ৮৩ জন- দলীয় ৬৩ জন ও স্বতন্ত্র ২০ জন। পুরুষ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৯৪৫ জন- দলীয় ১ হাজার ৬৯২ জন এবং স্বতন্ত্র ২৫৩ জন।
আওয়ামী লীগ এ নির্বাচনে অংশ না নেওয়ায় নির্বাচনের ফলাফলের গ্রহণযোগ্যতার ওপর প্রভাব পড়বে কি না, সে প্রশ্ন তুলেছেন ঢাকায় আসা একাধিক বিদেশি সাংবাদিক। বুধবার রাজধানীর একটি হোটেলে বিদেশি নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের জন্য ইসি সচিবালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভোটার উপস্থিতি কমার কোনো সম্ভাবনা দেখছেন না তিনি। কারণ হিসেবে তিনি বলেছেন, আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলেও তাদের শরিক দল অংশ নিচ্ছে।
তিনি জানান, নির্বাচনের পরের দিন শুক্রবার সকালে সারা দেশ থেকে আসা ফলাফল গণনা করে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে।
প্রধান প্রতিদ্বন্দ্বী
ভোটে প্রধান প্রতিদ্বন্দ্বীর ভুমিকায় রয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী। কোন দল কতটি আসন পাবে, কত শতাংশ ভোট পাবে- ভোট সামনে রেখে এ সংক্রান্ত বেশকিছু জরিপ হয়েছে। বেশ কয়েকটি নতুন সংস্থাও এবার জরিপ করেছে। কয়েকটি জরিপ প্রতিবেদনে বিএনপির এগিয়ে থাকার সম্ভাবনার কথা বলা হলেও বিপরীতমুখী ফলাফলও এসেছে কোন কোন জারিপের ফলাফলে। কয়েকটি জরিপ বিএনপিকে দুই-তৃতীয়াংশের বেশী আসনে এগিয়ে রাখলেও একটি জড়িপ বিএনপি-জামায়াতের হড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলছে।
‘বদ্ধপরিকর’ অন্তর্বর্তী সরকার
দেশের প্রতিটি নাগরিক যেন কোনো ধরনের ভয়ভীতি, চাপ বা প্রভাব ছাড়াই স্বাধীনভাবে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন এই সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রতিজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রশাসন, নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীকে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ কর্তব্য পালন করার নির্দেশ দিয়েছেন তিনি।
একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, এ লক্ষ্যে ‘যাবতীয় প্রস্তুতি’ সম্পন্ন হয়েছে। ভোটের আগের দিন বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সিইসি যেকোনো সংঘাত এড়িয়ে এবং জয়-পরাজয় মেনে নেওয়ার মানসিকতা নিয়ে উৎসবমুখর পরিবেশে ভোটারদের কেন্দ্রে আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন।
এবার নির্বাচনে সারাদেশে পৌনে ১৩ কোটি ভোটার রয়েছেন। প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে প্রায় আড়াই লাখ ভোটকক্ষ থাকছে। প্রতিটি ভোটকক্ষে ব্যালট পেপারে সিল দেওয়ার জন্য মার্কিং প্লেস বা গোপন কক্ষ রয়েছে।
*প্রবাসী ভোট এই প্রথম*
প্রথমবারের মতো প্রবাসে ও দেশে আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং চালু করেছে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এবার প্রবাসে ও দেশের ভেতরে প্রায় ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিত হয়েছেন। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি নিবন্ধন সেরেছেন।
নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকুরে এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রয়েছে। ভোটের দিন ১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাদের ব্যালট পেপার পৌঁছাবে, তাদের ব্যালট (ভোট) গোনা হবে।
*পাল্টাপাল্টি অভিযোগ*
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের ‘অনিবার্য বিজয়’ রুখতে জামায়াতে ইসলামী টাকা দিয়ে ‘ভোট কিনছে’ বলে অভিযোগ তুলেছে বিএনপি। নির্বাচনের আগের দিন নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ‘৭৪ লাখ’ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের আটকের ঘটনায় বিএনপির তরফে এই অভিযোগ তোলা হয়েছে। বুধবার বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এ অভিযোগ জানান।
ঠাকুরগাঁও জেলা জামায়াতে আমিরের ব্যাগ থেকে টাকা উদ্ধারের ঘটনাকে ‘সাজানো নাটক’ বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। এ ঘটনার বিষয়ে বুধবার বিকেলে ঢাকার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের অবস্থান তুলে ধরেন জামায়াতের মুখপাত্র ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো আশঙ্কা করছেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “মনে হচ্ছে যে একদল লোকের এ ধরনের কিছু করার হীন একটা প্রয়াস আছে। আমরা এগুলো থেকে তাদের বেরিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”
এদিকে ঠাকুরগাঁও জেলা আমিরের ব্যাগ থেকে ‘টাকা উদ্ধারের ঘটনায়’ জামায়াতের আমির শফিকুর রহমান দুপুরে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেইজে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি লিখেন, “জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে। জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত বলে পোস্টে অভিযোগ করেন তিনি।
এদিকে বুধবার সন্ধ্যায় সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ জানায় বিএনপি। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধিদল সিইসির দেখা করে এ অভিযোগ করে।
*আরও যেসব অভিযোগ*
ঢাকা-৬ আসনের একটি ভোটকেন্দ্রের সামনে ‘টাকা বিতরণের’ অভিযোগে এক জামায়াত নেতাকে আটকের পর দুদিনের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপাওয়া মো. হাবিব সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির।
নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়ার পক্ষে ভোটারদের টাকা বিলির অভিযোগে বুধবার দলটির একজন কর্মীকে পুলিশে দেয় বিএনপির লোকজন। যদিও পরে অভিযোগের প্রমাণ না পেয়ে মুচলেকা নিয়ে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাত।
একই দিনে কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভোট কেনার অভিযোগে টাকাসহ এক জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করে স্থানীয়রা।একই দিনে চৌদ্দগ্রামে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের অভিযোগে দুই বিএনপি কর্মীকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয় দুটি তদন্তের কথা জানিয়েছে জেলা প্রশাসন। আটক জামায়াত নেতার নাম হাবিবুর রহমান হেলালী; তিনি মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির।
অন্যদিকে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের গুণবতী ইউনিয়নে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের অভিযোগে আবদুল মান্নান ও ফকির মেম্বার নামে দুই বিএনপি কর্মীকে স্থানীয় জনগণ আটক করে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই দুই বিএনপি কর্মীকে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের সময় স্থানীয়রা আটক করে। পরে তারা স্থানীয়দের সঙ্গে ‘সমঝোতা’ করে সেখান থেকে চলে যায়।
এদিকে লক্ষ্মীপুরে ভোট কিনতে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে টাকা বিতরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার লক্ষ্মীপুর-৩ আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষের প্রার্থীর পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ করা হয়। এ নিয়ে দুপক্ষ রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চেয়েছেন।
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অভিযান চালিয়ে ৭ লাখ ২০ হাজার টাকা, ল্যাপটপ, ভোটার তালিকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ এক জামায়াত কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার বিকেলে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকার মাস্টার গোলাম মোস্তফা বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
*নিরাপত্তা বলয়*
দেশের ইতিহাসে সবচেয়ে বড় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে এবারের নির্বাচনকে ঘিরে। ইসির তথ্য অনুযায়ী, সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিলিয়ে মাঠে থাকবেন প্রায় ৯ লাখ সদস্য। এর মধ্যে মূল দায়িত্বে থাকবেন পুলিশ ও আনসারের সাত লাখের বেশি সদস্য।
সশস্ত্র বাহিনীর মধ্যে দায়িত্ব পালন করবেন ১ লাখ ৩ হাজার সেনাসদস্য। এছাড়া ৫ জেলার ১৭টি আসনে বিশেষ নজরদারিতে থাকবেন ৫ হাজার নৌবাহিনী ও ৩ হাজার ৫০০ বিমানবাহিনীর সদস্য। সীমান্ত ও উপকূলীয় এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে কাজ করবে বিজিবি ও কোস্টগার্ড।
নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হয়েছে প্রযুক্তিনির্ভর নজরদারি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কারচুপি ও সহিংসতা ঠেকাতে ২৫ হাজার পুলিশ সদস্য বডিওর্ন ক্যামেরা পরে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি আকাশপথে নজরদারিতে থাকবে ৫০০-এর বেশি ড্রোন।
*উৎসব, সহিংসতা*
দেশের নির্বাচনি ইতিহাসে ভোট একদিকে উৎসবের প্রতীক হলেও; অন্যদিকে সহিংসতা, সংঘাত ও কেন্দ্র দখলের অভিযোগও রয়েছে। গত ১২টি জাতীয় নির্বাচনের মধ্যে মাত্র ৪টিতে শেষ পর্যন্ত উৎসবমুখর পরিবেশ বজায় ছিল। বাকি ৮টিতে ভোটের মর্যাদা রক্ষায় সরকার, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী সমালোচনার মুখে পড়ে।
ইসি জানিয়েছে, কেবল বাহিনী মোতায়েনই নয়, যেকোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করার নির্দেশ দেয়া হয়েছে। পরিস্থিতির অবনতি হলে নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় প্রস্তুত থাকবে ফায়ার সার্ভিসও।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ‘১৫ জন রাজনৈতিক নেতাকর্মী হত্যার শিকার হয়েছেন’ বলে এক প্রতিবেদনে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর বলেছে, টিআইবি বলেছে যে নির্বাচনের তফসিল ঘোষণার পরবর্তী ৩৬ দিনে ১৫ জন রাজনৈতিক নেতা ও কর্মী নিহত হয়েছেন। তবে এই সংখ্যাটি দ্রুতই যাচাই ছাড়াই আলোচনায় প্রাধান্য পাচ্ছে। এ তথ্য পুনরাবৃত্তির আগে সতর্ক পর্যালোচনার দাবি রাখে।
প্রধান উপদেষ্টার দপ্তর বলছে, টিআইবির উপস্থাপনায় যে বিষয়টি অনুপস্থিত, তা হলো প্রাসঙ্গিক প্রেক্ষাপট। বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতা নতুন কোনো ঘটনা নয়। অতীতের নির্বাচনের উদাহরণ তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, “২০২৪ সালের নির্বাচনে ছয়জন নিহত হন, ২০১৮ সালের নির্বাচনে প্রাণ হারান ২২ জন এবং সরকারিভাবে কারচুপিপূর্ণ ২০১৪ সালের নির্বাচনে রাজনৈতিক সহিংসতায় অন্তত ১১৫ জন নিহত হন।”
প্রধান উপদেষ্টার দপ্তর বলেছে, পুলিশের রেকর্ড অনুযায়ী ওই সময়ের মধ্যে সংঘটিত হত্যাকাণ্ড গুলোর মধ্যে মাত্র পাঁচটির সঙ্গে সরাসরি রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক কর্মকাণ্ডেরর যোগসূত্র পাওয়া যায়। এসব ঘটনার একটি ছিল ওসমান হাদির হত্যাকাণ্ড, যিনি বাইকে আসা বন্দুকধারীদের গুলিতে নিহত হন।
এবারের নির্বাচনে বিএনপির ধানের শীষের প্রতিদ্বন্দ্বী হিসেবে দলের বিদ্রোহী প্রার্থী আছেন অর্ধশত আসনে। ওইসব আসনে সহিংসতার আশঙ্কা করছেন স্থানীয়রা।
*কোন দলের কত প্রার্থী*
রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। দলটির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯১ জন প্রার্থী। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ২৫৮ জন প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২২৯ জন প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন ১৯৮ জন প্রার্থী। অপর দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচন করছেন ৩২ জন প্রার্থী। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৭৬ জন ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
*একবার সুযোগ চায় জামায়াত*
জামায়াতে ইসলামীর প্রার্থীরা ভোটারদের কাছে ‘একবার’ সুযোগ চাইছেন। প্রচরণায় চাঁদাবাজি ও দুর্নীতির চিত্র সমানে এনে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করছেন তারা। জামায়াত বলছে, তার দলকে বিশ্বাস করে জনগণ ভোট দিলে, জামায়াত সরকার গঠন করতে পারলে দেশ থেকে চাঁদাবাজি ও দুর্নীতি নিমূল করা হবে।
*অভিজ্ঞতার কথা বলছে বিএনপি*
বিএনপির প্রার্থীরা দলীয় পরিকল্পনা উপস্থাপন করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছেন। সরকার চালাতে অভিজ্ঞতার প্রয়োজনীয়তার কথা, মুক্তিযুদ্ধের স্বপক্ষে অবস্থানের উঠে আসছে তাদের বক্তব্যে। বিএনপি বলছে, একমাত্র তাদের দলকে ভোট দিলেই কাক্সিক্ষত উন্নয়ন সম্ভব।
*‘৯০ শতাংশ’ কেন্দ্রে সিসি ক্যামেরা*
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, এবার মোট ৪২ হাজার ৬৫৯ টি কেন্দ্রে সশরীরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর ২৯৯ টা কেন্দ্রে পোস্টাল ভোটের কাউন্টিং হবে। মোট ৪২ হাজার ৯৫৮ টি কেন্দ্রে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি জানান, ৯০ শতাংশের বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এই কমিশনার বলেন, ‘আমরা আনুমানিক ৫০ ভাগ (শতাংশ) সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছি। বাকি ৫০ ভাগ গুরুত্বপূর্ণ কেন্দ্র। যেটাকে আমরা অনেক সময় বলে থাকি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছি।”
*পর্যবেক্ষক, সাংবাদিক*
নির্বাচনে ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে ৭ হাজার ৯৯৭ জন কেন্দ্রীয়ভাবে এবং ৪৭ হাজার ৪৫৭ জন স্থানীয়ভাবে সংসদীয় আসনভিত্তিক পর্যবেক্ষণ করবেন।
ইসি জানায়, এই নির্বাচনে নির্বাচন পর্যবেক্ষণ এবং সংবাদ সংগ্রহের জন্য বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা থেকে ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক বাংলাদেশে এসেছেন। আগতদের মধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের আমন্ত্রণে বিভিন্ন দেশের নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে আসছেন প্রায় ৬০ জন প্রতিনিধি।
এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও নির্বাচন পর্যবেক্ষক সংস্থা থেকে প্রায় ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং ৪৫টি আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে প্রায় ১৫০ জন বিদেশি সাংবাদিক এসেছেন।
নগর-মহানগর: ফাঁকা ঢাকা, নেই চিরচেনা যানজট-কর্মচঞ্চলতা