কেন্দ্রে কেন্দ্রে উৎসবমুখর পরিবেশ

সংবাদ অনলাইন রিপোর্ট

আজ সকালে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ভোটগ্রহণ কার্যক্রম। ভোর থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের এই আবহে উৎসবের আমেজ যেন শহরজুড়ে। এদিন সকাল থেকে বেশ কিছু ভোটকেন্দ্র ঘুওে এমন পরিবেশ দেখা যায়।

https://sangbad.net.bd/images/2026/February/12Feb26/news/feast2.jpg

ঢাকা-৮ আসনের শান্তিবাগ উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, সময়ের আগেই দলে দলে আসতে শুরু করেছেন ভোটাররা। কেউ কেউ কেন্দ্রে পেঁৗঁছেছেন পরিবার-পরিজনসহ। কেউ আবার দলবেধে প্রতিবেশী কিংবা বন্ধুদের সাথে উপস্থিত হয়েছেন কেন্দ্রে। লাইনে দাঁড়িয়ে চলছে ভোট দেয়ার প্রতিক্ষা, চলছে গল্প-আড্ডার ফলঝুড়ি।

এই কেন্দ্রে ভোট দিতে আসা লাভলু মিয়া বলেন, অনেকদিন পর ভোটের দিনটি বেশ উৎসব উৎসব মনে হচ্ছে। কেমন এক ভালো লাগা কাজ করছে।

এদিকে, নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে রাজধানীজুড়েই নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ঢাকায় ডিএমপির ২৬ হাজার ৫১৫ জন সদস্য মোতায়েন করা হয়েছে। সাধারণ নিরাপত্তা ছাড়াও বিশেষায়িত বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াত, কে-৯ এবং ক্রাইম সিন ভ্যান স্ট্রাইকিং ফোর্স হিসেবে সার্বক্ষণিক টহলে আছে।

ইসির তথ্য মতে, সারাদেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মোট ৯ লাখ ১৯ হাজার ৩৫০ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ১ লাখ ৩ হাজার সশস্ত্র সদস্য রয়েছে সেনাবাহিনীর। এ ছাড়া নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা সমন্বিতভাবে মাঠের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন।

ভোটের মাঠে যেকোনো ধরনের নির্বাচনী অপরাধের তাৎক্ষণিক বিচারে নিয়োজিত রয়েছেন ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট ও ১ হাজার ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এছাড়া, বিদেশি পর্যবেক্ষ দের উপস্থিতি চোখে পড়ার মতো। ইসির আমন্ত্রণে ও স্বেচ্ছায় আসা ৩৩৫ জন বিদেশি পর্যবেক্ষক এবং ১৫৬ জন বিদেশি সাংবাদিক ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি দেশীয় ৮০টি সংস্থার প্রায় ৪৫ হাজার পর্যবেক্ষকও এই নির্বাচনে নজরদারি করছেন।

মাসিয়াত/ সংবাদ

সম্প্রতি