image
শান্তিবাগ উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র। ছবি: সাব্বির

ভোটকেন্দ্রে ঈদের আনন্দ পাচ্ছি

সংবাদ অনলাইন রিপোর্ট

দীর্ঘ ১৭ বছর পর ভোট দিতে পেরে ঈদের আনন্দের মতো অনুভূতি হচ্ছে বলে জানিয়েছেন ভোটাররা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টার আগেই রাজধানীর ঢাকা-১৮ আসনের উত্তরা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

কেন্দ্রে সবার আগে লাইনে দাঁড়ান শহীদ মিয়া। তিনি বলেন, “১৭ বছর পর ভোট দিয়েছি। সবার আগে এসে লাইনে দাঁড়িয়েছি। অন্য রকম আনন্দ লাগছে। এ আনন্দ ভাষায় প্রকাশ করার নয়।” সকাল ৬টায় ঘুম থেকে উঠে আধা ঘণ্টা আগেই তিনি কেন্দ্রে এসে লাইনে দাঁড়ান বলেও জানান।

একই কেন্দ্রে ভোট দিতে আসা হাজী আফজাল চিশতী বলেন, “আমি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। হামলা-মামলা হয়েছে। এতদিন পর ভোট দিতে আসতে পেরেছি। ভোট দিতে পারবো ভেবেই ঈদের মতো আনন্দ লাগছে।”

লাইনে দাঁড়ানো প্রথম নারী ভোটার নাসিমা বলেন, “সবার আগে এসেছি। তাই সবার আগে লাইনে দাঁড়িয়েছি। আনন্দ লাগছে, খুশি লাগছে।” সিমু নামের আরেক ভোটারও একই অনুভূতির কথা জানান।

১৭ বছর পর ভোট দিয়েছেন নূরুল ইসলাম। তিনি জানান, জাতীয় নির্বাচন ও গণভোটে অংশ নিতে তার সময় লেগেছে মাত্র দুই মিনিট। তিনি বলেন, “ভোট দিতে বেশি সময় লাগেনি। তবে বুথের টেবিলে একটু সমস্যা ছিল।” দীর্ঘ সময় পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে অনেকের মুখে ফুটে উঠেছে স্বস্তি ও আনন্দের হাসি, যেন ভোটকেন্দ্রেই ঈদের আমেজ।

ঢাকা-১৮ আসনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন ও শাপলা কলি প্রতীকের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আরিফুল ইসলামের মধ্যে। এ কেন্দ্রেই ভোট দেওয়ার কথা রয়েছে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর হোসেনের।

এই আসনে মোট প্রার্থী ৯ জন। তাঁদের মধ্যে রয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আনোয়ার হোসেন (হাতপাখা), জাতীয় পার্টির মো. জাকির হোসেন (লাঙল), স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন হাওলাদার (রেলইঞ্জিন), বাসদের সৈয়দ হারুন-অর রশীদ (মই), এনপিপির সামিনা জাবেদ (আম), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. জসিম উদ্দিন (মোমবাতি) ও স্বতন্ত্র প্রার্থী মো. ইসমাইল হোসেন (হরিণ)। এর আগে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না প্রার্থিতা প্রত্যাহার করায় প্রার্থীর সংখ্যা কমে আসে।

উত্তরা, বিমানবন্দর, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান ও মোল্লারটেক নিয়ে গঠিত ঢাকা-১৮ আসনে মোট ভোটার ৬ লাখ ১৩ হাজার ৮৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ১৩ হাজার ৫০ জন, নারী ভোটার ৩ লাখ ৮২৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন।

সম্প্রতি