সকাল ৮টা, কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। প্রচণ্ড ভিড়ের মধ্যেও সবার চোখ আটকে গেল একটি দৃশ্যে। মেয়ের কাঁধে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছেন এক বৃদ্ধা। চিত্রটি শান্তিবাগ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের।
জানা যায়, ৮০ বছর বয়সী এই বৃদ্ধার নাম চান বানু।
শরীরটা বয়সের ভারে নুয়ে পড়েছে, পা দুটো আর আগের মতো সায় দেয় না। কিন্তু নাগরিক অধিকার আর অন্তরের টান তাকে ঘরে আটকে রাখতে পারেনি। বয়সের ভাড়ও ম্লান করতে পারেনি চান বানুর ভোট উৎসবকে।
সরেজমিনে দেখা যায়, ভোটের কালি আঙুলে মেখে যখন কেন্দ্র থেকে বের হলেন, চান বানুর মুখে তখন এক চিলতে হাসি। তিনি যেন বুঝিয়ে দিচ্ছেন শারীরিক অক্ষমতা বড় কথা নয়, দেশের প্রতি দায়িত্ববোধটাই আসল শক্তি।
শরীরের এই অবস্থায় কেন ভোট দিতে এসেছেন এমন প্রশ্নের উত্তরে চান বানু বলেন, “ভোট দিতে শান্তি পাই।”
প্রসঙ্গত, আজ অনুষ্ঠিত হচ্ছে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর প্রথম জাতীয় নির্বাচন। এদিন সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ ভোট চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এতে দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ২৯৯টি আসনে। শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে।
মাসিয়াত/ সংবাদ