দীর্ঘ তিনটি জাতীয় নির্বাচনের পর এবার নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুর-২ এলাকায় অবস্থিত মনিপুর উচ্চবিদ্যালয় (বালক শাখা) কেন্দ্রে ভোট প্রদান করেন তিনি।
ভোট দেওয়া শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি নির্বাচনের সুষ্ঠুতা ও ভোট কারচুপি নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন।
নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, আমরা ছোটখাটো কোনো বিষয় হলে অবশ্যই ইগনোর করব (এড়িয়ে যাব), কিন্তু বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দেব না। আমাদের যা করা প্রয়োজন, তাই করব। কারণ, মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক এটা আমরা কোনোভাবেই চাই না।
তিনি আরও যোগ করেন, ভোট যখন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, তখন জয়-পরাজয় যাই হোক তা সবাইকে মেনে নিতে হবে, কারণ এটাই গণতন্ত্রের সৌন্দর্য।
বিগত নির্বাচনগুলোর স্মৃতিচারণ করে জামায়াত আমির বলেন, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে ভোট দেওয়ার সুযোগ হয়নি। তিনটি ভোট হারানোর পর আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের শুরু হোক, এই দোয়াই করি।
তিনি বিশ্বাস করেন, দেশের যুবসমাজ যারা জীবনে কখনো ভোট দিতে পারেনি, তারা আজকের এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। ভোটটি যেন শান্তিপূর্ণ, সংঘাতমুক্ত ও সবার কাছে গ্রহণযোগ্য হয় সেই আশাবাদও ব্যক্ত করেন তিনি।
ডা. শফিকুর রহমান এমন এক সরকার গঠনের স্বপ্ন দেখছেন যা কোনো ব্যক্তি, পরিবার বা দলের হবে না; বরং হবে ১৮ কোটি মানুষের। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই আসুন, যার যার ঘর থেকে বেরিয়ে এসে নিজের অধিকার প্রয়োগ করুন এবং রাষ্ট্র গঠনের গর্বিত অংশীদার হন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা-১৫ আসনে মোট ১৩৭টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। নির্বাচনে জামায়াত আমিরের (দাঁড়িপাল্লা) বিপরীতে লড়ছেন ধানের শীষের শফিকুল ইসলাম খান, লাঙ্গলের সামসুল হকসহ মোট ৮ জন প্রার্থী।
উল্লেখ্য, ডা. শফিকুর রহমান জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী হিসেবে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট দেওয়ার পর তিনি অন্যান্য কেন্দ্র পরিদর্শনে যাওয়ার কথা জানান।
জাতীয়: ভোট দিলেন প্রধান উপদেষ্টা
জাতীয়: “মেইনস্ট্রিম মিডিয়ায়ই ভরসা”
জাতীয়: ৮০ বছরের চান বানুর ভোট উৎসব